সিলেট সীমান্তে ১ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

দুই দিনের অভিযানে জব্দকৃত মালামালের সর্বমোট সিজারমূল্য এক কোটি সাত লাখ একষট্টি হাজার তিনশত পঁচিশ টাকা।

আবদুল কাদের তাপাদার, সিলেট ব্যুরো

Location :

Sylhet
জব্দকৃত মালামাল
জব্দকৃত মালামাল |নয়া দিগন্ত

সিলেটের জকিগঞ্জের বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এক কোটি টাকার ভারতীয় চোরাচালান জব্দ করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)।

বুধবার (৮ জুলাই) বিকেলে বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সিলেট সেক্টরের অধীনস্থ জকিগঞ্জ ব্যাটালিয়নের (১৯ বিজিবি) দায়িত্বাধীন জকিগঞ্জ উপজেলার লক্ষীবাজার বিওপির পৃথক পৃথক বিশেষ আভিযানিক টহল দল সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে বিজিবি’র টহল দল মালিকবিহীন অবস্থায় ১,২০০ কেজি ভারতীয় জিরা, ২,০০০ কেজি চা-পাতা এবং চোরাচালান কাজে ব্যবহৃত তিনটি বাংলাদেশী ডিআই পিকআপ ভ্যান জব্দ করে। জব্দ মালামাল ও যানবাহনের মোট সিজারমূল্য এক কোটি চার লাখ টাকা।

বিজ্ঞপ্তিতে বিজিবি আরো জানায়, বুধবার গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সিলেট সেক্টরের অধীনস্থ জকিগঞ্জ ব্যাটালিয়নের (১৯ বিজিবি) এর দায়িত্বাধীন জৈন্তাপুর এবং কানাইঘাট উপজেলায় জৈন্তাপুর, সুরাইঘাট এবং লোভাছড়া বিওপি’র পৃথক পৃথক আভিযানিক টহল দল সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে ৭১৮ কেজি ভারতীয় চিনি, একটি মহিষ, ১০২ কেজি চা-পাতা ও ৮৬ বিরা পান আটক করা হয়। জব্দ মালামালের সিজারমূল্য তিন লাখ একষট্টি হাজার তিনশত পঁচিশ টাকা।

অভিযানের আটক মালামালের সর্বমোট সিজারমূল্য এক কোটি সাত লাখ একষট্টি হাজার তিনশত পঁচিশ টাকা।

জকিগঞ্জ ব্যাটালিয়নের (১৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জুবায়ের আনোয়ার দৈনিক নয়া দিগন্তকে জানান, সীমান্তের সুরক্ষা নিশ্চিতকল্পে গোয়েন্দা তৎপরতাসহ চোরাচালান বিরোধী অভিযান চলমান রয়েছে এবং এরই অংশ হিসেবে উপরোক্ত অভিযান পরিচালনা করা হয়েছে।

তিনি আরো জানান, জব্দ মালামাল কাস্টমসে জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন। সীমান্ত সুরক্ষায় বিজিবি’র এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।