সার্ভারে ত্রুটির কারণে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ওজোপাডিকো) প্রিপেইড মিটার রিচার্জ কার্যক্রম প্রায় ১৭ ঘণ্টা বন্ধ ছিল। এতে খুলনা ও বরিশাল বিভাগ এবং ফরিদপুরসহ ২১ জেলার প্রিপেইড মিটার গ্রাহকদের দুর্ভোগে পড়তে হয়। সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুর থেকে বন্ধ থাকার পর মঙ্গলবার সকাল ৬টা ১০ মিনিটে রিচার্জ কার্যক্রম স্বাভাবিক হয়।
ওজোপাডিকো কর্তৃপক্ষ জানায়, সোমবার দুপুর ১টা ১৫ মিনিটে প্রিপেইড মিটারিং সিস্টেমের ডাটাবেজ সার্ভারের সাথে অ্যাপ্লিকেশন সার্ভারের লজিক্যাল সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এর ফলে সাময়িকভাবে ভেন্ডিং কার্যক্রম বা মিটার রিচার্জ বন্ধ হয়ে যায়।
সংযোগ পুনঃস্থাপনে ওজোপাডিকোর প্রিপেইড মিটারিং দপ্তরের কারিগরি বিশেষজ্ঞ দল কাজ করে। তাদের নিরলস প্রচেষ্টায় মঙ্গলবার সকাল ৬টা ১০ মিনিটে প্রিপেইড সিস্টেমের ভেন্ডিং কার্যক্রম পুরোপুরি সচল হয়।
এদিকে, এ ঘটনায় গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে ওজোপাডিকো কর্তৃপক্ষ। মঙ্গলবার ওজোপাডিকোর খুলনা সদর দপ্তরের সহকারী ব্যবস্থাপক (জনসংযোগ) মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ দুঃখ প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সার্ভারের ত্রুটির কারণে ওজোপাডিকোর বিভিন্ন অঞ্চলের প্রিপেইড মিটার গ্রাহকদের ভেন্ডিং প্রক্রিয়া সম্পন্ন করতে প্রতিবন্ধকতা ও অসুবিধার সম্মুখীন হতে হয়েছে। এ জন্য কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখিত।
ভবিষ্যতে এ ধরনের সমস্যার পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় কারিগরি কার্যক্রম গ্রহণ করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়। একই সাথে এ বিষয়ে সংশ্লিষ্ট সবার পরামর্শ ও সহযোগিতা কামনা করেছে ওজোপাডিকো।



