মাসুদ সাঈদী

জিয়ানগর নামের কারণেই ১৭ বছর আমরা উন্নয়নবঞ্চিত ছিলাম

‘দীর্ঘ ১৭ বছর আমরা জামায়াত-বিএনপি মিলেমিশে ছিলাম। একত্রে আদালতে মামলার হাজিয়া দিয়েছি আবার একত্রে বাগানে ঘুমিয়েছি। এখন সুদিন এসেছে ঝগড়াঝাটি করা যাবে না। সবাই মিলে এলাকার উন্নয়ন করতে হবে।’

Location :

Zianagar
দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর দেয়া ঈদ উপহার বিতরণ করছেন মাসুদ সাঈদী
দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর দেয়া ঈদ উপহার বিতরণ করছেন মাসুদ সাঈদী |নয়া দিগন্ত

জিয়ানগর (পিরোজপুর) সংবাদদাতা

পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য মাসুদ সাঈদী বলেছেন, ‘জিয়ানগর নামের কারণেই ১৭ বছর আমরা উন্নয়নবঞ্চিত ছিলাম। তখন নামের দোহাই দিয়ে জিয়ানগরে কোনো উন্নয়ন হতো না।’

তিনি বলেন, ‘এখন জিয়ানগর নাম পুনর্বহাল হয়েছে। আশা করি মাননীয় প্রধানমন্ত্রী এখন পিছিয়ে থাকা জিয়ানগরের উন্নয়নে বেশি বরাদ্ধ দিবেন।’

বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে পিরোজপুরের জিয়ানগর উপজেলা পরিষদ অডিটরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সভাপতিত্বে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর দেয়া ঈদ উপহার বিতরণ-পূর্ব আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

আলোচনা সভা শেষে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে দেয়া নগদ অর্থ, শাড়ি, ঢেউ টিন, জাকাতের অর্থ ও শুকনো খাবার দুস্থদের মাঝে বিতরণ করেন মাসুদ সাঈদী।

মাসুদ সাঈদী বলেন, ‘দীর্ঘ ১৭ বছর আমরা জামায়াত-বিএনপি মিলেমিশে ছিলাম। একত্রে আদালতে মামলার হাজিয়া দিয়েছি আবার একত্রে বাগানে ঘুমিয়েছি। এখন সুদিন এসেছে ঝগড়াঝাটি করা যাবে না। সবাই মিলে এলাকার উন্নয়ন করতে হবে।’

আলোচনা সভায় বক্তব্য রাখেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হোসেন, উপজেলা বিএনপির সভাপতি ফরিদ আহম্মেদ, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আলী হোসাইন, বিআরডিবির চেয়ারম্যান ফায়জুল কবির তালুকদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিলন তালুকদার ও প্রেসক্লাব সভাপতি খান মো: নাসির উদ্দিন।

অনুষ্ঠানটির সঞ্চলনা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা ফাহাদ রহমান।

Topics