‘ঐতিহাসিক জুলাই অভ্যুত্থান: ব্যবসায়ীদের প্রত্যাশা ও প্রাপ্তি’ শীর্ষক এক আলোচনা সভা চট্টগ্রাম বিজনেস ফোরামের (সিবিএফ) উদ্যোগে স্থানীয় একটি মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
চট্টগ্রাম বিজনেস ফোরামের সভাপতি শাহজাহান মুহাম্মদ মহিউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগরী আমির মুহাম্মদ নজরুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগরী জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন, চাকসু ভিপি ইব্রাহীম হোসেন রনি, নগর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ উল্লাহ এবং জুলাই আন্দোলনের শহীদ ফয়সাল আহমদ শান্তর মমতাময়ী মা মোছাম্মত কোহিনূর আক্তার।
অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন চট্টগ্রাম বিজনেস ফোরামের সহ-সভাপতি জালাল উদ্দীন আকবর।
প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, ‘ঐতিহাসিক জুলাই অভ্যুত্থান ছিল একটি বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও জবাবদিহিমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রাম। এই অভ্যুত্থানের অন্যতম প্রত্যাশা ছিল ব্যবসা-বাণিজ্যে সুশাসন প্রতিষ্ঠা, চাঁদাবাজি, দখলদারিত্ব ও দুর্নীতিমুক্ত ব্যবসায়িক পরিবেশ নিশ্চিত করা। ব্যবসায়ীরা দেশের অর্থনীতির প্রাণশক্তি। তাদের নিরাপত্তা, বিনিয়োগবান্ধব পরিবেশ ও নীতিগত সহায়তা নিশ্চিত করা গেলে দেশের অর্থনীতি আরও সমৃদ্ধ হবে। ব্যবসায়ী সমাজকে শুধু মুনাফা অর্জনের মধ্যে সীমাবদ্ধ না থেকে নৈতিকতা, সামাজিক দায়বদ্ধতা ও দেশ গঠনের দায়িত্বও পালন করতে হবে।’
এতে আরো বক্তব্য রাখেন জামায়াত নেতা ও বিশিষ্ট সমাজসেবক ডা: শাহাদাত হোসেন, বিশিষ্ট শিল্পপতি হুমায়ুন কবির পাটোয়ারী, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ, আব্দুল গাফফার মিয়াজী, হারুন অর রশিদ এবং বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী নুর মোহাম্মদ।
অনুষ্ঠানে জুলাই সংগীত পরিবেশন করেন আব্দুল্লাহ আল-মামুন।
এতে আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও চিকিৎসক ডা: এ টি এম রেজাউল করিম, বিশিষ্ট শিল্পপতি মোছাদ্দেক হোসেন, টেরীবাজারের বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী আহমদ হোসেন, শহীদ ফয়সাল আহমদ শান্তর গর্বিত বাবা জাকির হোসেনসহ চট্টগ্রামের বিশিষ্ট ব্যবসায়ী, শিল্পপতি, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিরা।



