মাদারীপুরের শিবচরে তেলবাহী ট্রাক ডাকাতির ঘটনায় জড়িত দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় লুট হওয়া ট্রাক, তেল বিক্রির নগদ এক লাখ ৯২ হাজার টাকা এবং বাংলাদেশ পুলিশের কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
সোমবার (২০ এপ্রিল) দুপুরে দৈনিক নয়া দিগন্তকে গ্রেফতারের বিষয়টি জানিয়েছেন মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম।
শনিবার ও রোববার বিশেষ অভিযান চালিয়ে কুমিল্লা ও নারায়নগঞ্জ থেকে দু’জনকে গ্রেফতার করা হয়।
মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম বলেন, ‘গত ১২ এপ্রিল রাতে ঢাকা থেকে ৭৫ ব্যারেল সয়াবিন তেল নিয়ে ঝিনাইদহের উদ্দেশ্যে রওনা দেন ট্রাকচালক ইস্রাফিল হোসেন ও তার এক সহকারী। রাত ১২টার দিকে শরিয়তপুরের নাওডোবা এলাকায় একটি ডাকাতদল ট্রাকটির গতিরোধ করে চালক ও সহকারীকে কুপিয়ে আহত করে। এ সময় ট্রাকটি নিয়ে মুহুর্তেই সটকে পড়ে চক্রটি।’
তিনি বলেন, ‘পরে তাদের হাত-পা বেঁধে শিবচরের বাখরেরকান্দি এক্সপ্রেস ওয়ের পাশে ফেলে রেখে যায়। এ ঘটনায় শিবচর থানায় মামলা হলে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে ডাকাতদলের দুই সদস্যকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।’
তিনি আরো বলেন, ‘অভিযানে লুট হওয়া ট্রাক, নগদ টাকা ছাড়াও চারটি সাউন্ড গ্রেনেড, তিন রাউন্ড টিয়ারশেল ও একটি পুলিশের হেলমেট জব্দ করা হয়। পরে গ্রেফতারদের আদালতে তোলা হলে বিচারক তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।’
এ ঘটনায় জড়িত বাকিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলেও জানিয়েছেন তিনি।
মাদারীপুরের শিবচর সার্কেলের সহকারী পুলিশ সুপার মো: সালাহ উদ্দিন কাদের বলেন, ‘আমাদের জেলায় ডাকাতি, ছিনতাই, হত্যাসহ বিভিন্ন অপরাধ দমনে সর্বদা সচেষ্ট রয়েছে পুলিশ এবং সামনে আরো এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’



