ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় মাহে আলম (৪০) নামে এক পথচারী নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হন আরো চারজন।
মঙ্গলবার (২৮ জুলাই) সকাল সাড়ে ৬টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকা ইনকামিং লেনের সোনাখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মাহে আলম উপজেলার সোনাখালী বাবরকপুর গ্রামের মরহুম মজিবুর রহমানের ছেলে। তিনি পেশায় একজন রাজমিস্ত্রী ছিলেন। তার পৈতৃক বাড়ি বরিশালের ভোলা জেলায়।
আহত চারজন হলেন উপজেলার বাবরকপুর এলাকার নুর ইসলামের ছেলে অটোরিকশাচালক মো: শহিদ, সোনাখালী এলাকার ঈঙ্গু মিয়ার ছেলে মো: আলিনুর, মরহুম রশিদ আলীর ছেলে মো: টিকা খান এবং মুন্সুর আলীর ছেলে মো: সুরুজ মিয়া।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার সকালে মহাসড়কের সোনাখালী এলাকায় ঢাকামুখী একটি মালবাহী ট্রাক হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি অটোরিকশাকে সজোরে ধাক্কা দিলে সেটি মুহূর্তেই দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই ট্রাকের ধাক্কায় নিহত হনন অটোরিকশার পাশে দাঁড়িয়ে থাকা পথচারী মাহে আলম। বিকট শব্দে আশপাশের লোকজন দ্রুত ছুটে এসে অটোরিকশার ভেতরে থাকা চালকসহ চার জনকে রক্তাক্ত ও গুরুতর আহত অবস্থায় উদ্ধার করেন। পরবর্তীতে তাদের দ্রুত স্থানীয় আল বারাকা হাসপাতালে ভর্তি করা হয়।
দুর্ঘটনার খবর পাওয়ার সাথে সাথেই হাইওয়ে পুলিশ, থানা পুলিশের টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ পরিচালনা করে।
কাঁচপুর হাইওয়ে পুলিশের সার্জেন্ট আওলাদ হোসেন জানান, খবর পাওয়ার পর দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং দুর্ঘটনাকবলিত ট্রাক ও অটোরিকশাটি জব্দ করা হয়েছে। বর্তমানে মহাসড়কে যান চলাচল সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে।
এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে তিনি।



