বগুড়া অফিস ও ধুনট সংবাদদাতা
বগুড়ার ধুনটে ২৮ বছর বয়সী এক নারীর ব্যক্তিগত ছবি বিকৃত করে অশ্লীলভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার হুমকি দেয়ার অভিযোগ উঠেছে জাতীয়তাবাদী শ্রমিক দল নেতা ও তার স্ত্রীর বিরুদ্ধে। এ সময় তারা ব্ল্যাকমেইল করে টাকা দাবি করেন বলেও অভিযোগ করেছেন ভুক্তভোগী ওই নারী। ঘটনায় ধুনট থানায় লিখিত অভিযোগ করেছেন তিনি।
শুক্রবার (১৫ আগস্ট) ধুনট থানায় এ অভিযোগ দেন ভুক্তভোগী।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার সদর ইউনিয়নের রত্নীপাড়া গ্রামের কালাম প্রামানিকের ছেলে আসাদুল ইসলাম ও তার স্ত্রী দিতি মেম্বার পূর্ব শত্রুতার জের ধরে একই উপজেলার গোসাইবাড়ী ইউনিয়নের বড়বিলা গ্রামের সেলিম রেজার স্ত্রী রুমা খাতুনের ক্ষতি করার চেষ্টা করছে।
রুমা খাতুন জানান, আসাদুল ও তার স্ত্রী কৌশলে আমার কিছু ব্যক্তিগত ছবি প্রযুক্তির মাধ্যমে অশ্লীলভাবে সম্পাদনা করে সেই ছবি ফেসবুকে ছড়িয়ে দেয়ার হুমকি দিয়ে আসছে। একইসাথে আমাকে ব্ল্যাকমেইলের মাধ্যমে ২ লাখ টাকা দাবি করে। এ ঘটনায় আমি থানায় অভিযোগ দিয়েছি।
এদিকে বিবাদি ধুনট উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আসাদুল ইসলাম ও মহিলা ইউপি সদস্য দিতি আক্তার বলেন, ‘বাদি রুমা খাতুনকে কোনো হুমকি বা টাকা দাবি করিনি। মূলত তিনি একজন আওয়ামী লীগ নেত্রী। অন্যায়ভাবে আমাদের ফাঁসানোর চেষ্টা করছে।’
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম বলেন, অভিযোগটি প্রাথমিকভাবে তদন্ত করে দেখা হচ্ছে। প্রয়োজনে ডিজিটাল নিরাপত্তা আইনের আওতায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।



