চট্টগ্রামের সাতকানিয়ার একটি খাল থেকে আবুল কালাম (৫০) নামে এক ব্যাটারিচালিত অটোরিকশা চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (৫ মে) বিকালের দিকে উপজেলার নলুয়া ইউনিয়নের মরফলা এলাকার এনবিএল ইটভাটা সংলগ্ন একটি খাল থেকে তার লাশটি উদ্ধার করা হয়।
কালাম উপজেলার কালিয়াইশ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের রসুলাবাদ গ্রামের পেয়াদার পাড়া এলাকার মরহুম হামিদ বকসুর ছেলে।
নিহতের বড় ভাই আবুল কাশেম জানান, তার ভাই কালাম সোমবার দুপুর থেকে নিখোঁজ ছিলেন। ওই দিন তিনি এনবিএল ব্রিক ফিল্ড এলাকায় তেল পৌঁছে দিতে গিয়েছিলেন। দুপুর থেকে তাকে অনেক খোঁজাখুঁজি করা হলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। পরে মঙ্গলবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কালামের ব্যাটারিচালিত অটোরিকশাটি এনবিএল ইটভাটা এলাকার একটি দোকানের সামনে পড়ে থাকার বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে গিয়ে খোঁজাখুঁজির একপর্যায়ে খালে তার লাশ ভেসে থাকতে দেখা যায়।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনঞ্জুরুল হক বলেন, ‘খবর পেয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। লাশের শরীরে বড় কোনো আঘাতের চিহ্ন নেই। তবে মৃতের ছেলে জানিয়েছেন তার বাবা মাদকাসক্ত ছিল। তবুও ঘটনার আসল রহস্য তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে।’



