শার্শায় ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

বেপরোয়া গতির কারণে ট্রলি ও মোটরসাইকেল চালকরা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলে মোটরসাইকেল আরোহী দুইজন নিহত হন।

বেনাপোল (যশোর) সংবাদদাতা

Location :

Jashore
দুর্ঘটনা কবলিত ট্রলি
দুর্ঘটনা কবলিত ট্রলি |নয়া দিগন্ত

যশোরের শার্শায় গোগা-রুদ্রপুর সড়কে ট্রলি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরো তিনজন আহত হয়েছেন।

সোমবার (২০ জুলাই) সকালে উপজেলার রুদ্রপুর গ্রামের সালামের মোড় এলাকায় এ ঘটনা ঘটে বলে।

নিহতরা হলেন বেনাপোল পোর্ট থানার দৌলতপুর গ্রামের জাহাঙ্গীর ভাণ্ডারীর ছেলে মিদুল হাসান নাহিদ (২৫) এবং একই গ্রামের জমাত আলীর ছেলে সোহাগ হোসেন ঊষা (২৭)। এ ঘটনায় একই গ্রামের শাহজাহানের ছেলে রুবেল হোসেন (৩০) গুরুতর আহত হন। এছাড়া ট্রলিচালক রুদ্রপুর গ্রামের আমিরুল ইসলাম ও তার সহকারী নিরব হোসেন আহত হয়েছেন।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীর বরাতে পুলিশ জানায়, রাতে আর্জেন্টিনা ও স্পেনের ফুটবল ম্যাচ দেখার পর ভোরে উষা, নাহিদ ও রুবেল একটি মোটরসাইকেলে করে রুদ্রপুর বাজারে আসছিলেন। অন্যদিকে, ইটভাটা থেকে ইট আনার উদ্দেশে দ্রুতগতিতে ট্রলি নিয়ে গোগার দিকে যাচ্ছিলেন চালক টলি চালক আমিরুল। রুদ্রপুরের সালামের মোড় এলাকায় পৌঁছালে বেপরোয়া গতির কারণে উভয় চালকই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলে থাকা উষা ও নাহিদের মৃত্যু হয়। পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় আহত মোটরসাইকেলের অপর আরোহী রুবেল, ট্রলি চালক ও তার সহকারীকে উদ্ধার করে চিকিৎসার জন্য যশোর সদর হাসপাতালে পাঠায়।

শার্শা থানার উপ-পরিদর্শক (এসআই) চঞ্চল জানান, ঘটনাস্থলে পৌঁছে নিহত দুই যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল ও ট্রলিটি উদ্ধার করে থানা হেফাজতে নেয়া হয়েছে।