বুড়িমারী স্থলবন্দরে ৮ দিন বন্ধ আমদানি-রফতানি

ধর্মপ্রাণ মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসব ঈদুল আজহার ছুটির বিষয়ে বুড়িমারী স্থলবন্দর ও ভারতের চ্যাংরাবান্ধা স্থলবন্দরের ব্যবসায়ীদের সব সংগঠনের নেতাদের বৈঠক অনুষ্ঠিত হয়।

আসাদুল ইসলাম সবুজ, লালমনিরহাট

Location :

Lalmonirhat
বুড়িমারী স্থলবন্দর
বুড়িমারী স্থলবন্দর |সংগৃহীত

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা আটদিন লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দরে সব ধরনের পণ্য আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে।

রোববার (২৪ মে) ছুটি পূর্ববর্তী শেষ কর্মদিবস হিসেবে ব্যাপক ব্যস্ততা ছিল বন্দরে।

সোমবার থেকে ছুটিতে থাকছে ত্রিদেশীয় বাণিজ্যিক কেন্দ্র খ্যাত বুড়িমারী স্থলবন্দর। বুড়িমারী স্থলবন্দরের সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নিয়াজ নাহিদ স্বাক্ষরিত একটি চিঠির মাধ্যমে জানা গেছে, ধর্মপ্রাণ মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসব ঈদুল আজহার ছুটির বিষয়ে বুড়িমারী স্থলবন্দর ও ভারতের চ্যাংরাবান্ধা স্থলবন্দরের ব্যবসায়ীদের সব সংগঠনের নেতাদের জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকের সিদ্ধান্ত মোতাবেক সোমবার ২৫ মে থেকে পরবর্তী সোমবার (১ জুন) পর্যন্ত বুড়িমারী স্থলবন্দরের সব ধরনের আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে। ফলে টানা আটদিন বন্ধ থাকবে বুড়িমারী স্থলবন্দরের সব ধরনের আমদানি-রফতানি কার্যক্রম।

আগামী ২ জুন মঙ্গলবার যথারীতি বন্দরের সব কার্যক্রম স্বাভাবিক থাকবে। তবে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক থাকবে। ফলে উভয় দেশের কাস্টমস্, বন্দর কর্তৃপক্ষ ও ব্যবসায়ী সংগঠনগুলোর মাঝে ছুটির পত্র বিনিময় করা হয়েছে।

বুড়িমারী স্থলবন্দরের সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সভাপতি ফারুক হোসেন বলেন, ‘দুই দেশের ব্যবসায়ীদের সাথে আলোচনা সাপেক্ষে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বুড়িমারী স্থলবন্দরের শুল্ক স্টেশন ও সিঅ্যান্ডএফ কার্যক্রম সাপ্তাহিক ছুটিসহ আটদিন বন্ধ থাকবে। আগামী ২ জুন মঙ্গলবার বুড়িমারী স্থলবন্দরের কার্যক্রম স্বাভাবিক হবে।’

বুড়িমারী স্থলবন্দর ইমিগ্রেশন ভারপ্রাপ্ত কর্মকর্তা উপ পরিদর্শক (এসআই) সাইফুর রহমান বলেন, ‘আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকলেও পাসপোর্টধারীদের যাতায়াত স্বাভাবিক থাকবে।’

বুড়িমারী স্থলবন্দর কর্তৃপক্ষের সহকারী পরিচালক (ট্রাফিক) মাহমুদুল হাসান বলেন, ‘ঈদ উপলক্ষে বুড়িমারী স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানিসহ ব্যবসায়ী সব কার্যক্রম টানা আটদিন বন্ধ রাখা হবে।’