কর্ণফুলীতে হত্যার পর ঘাতকের আত্মসমর্পণ

দিদারের মোবাইল এক্সেসরিজের দোকান ছিল। আবু তৈয়ব ওই দোকানে চাকরি করতেন। তখন থেকে তাদের মধ্যে শত্রুতা শুরু হয়।

সিরাজুল ইসলাম, কর্ণফুলী (চট্টগ্রাম)

Location :

Chattogram
কর্ণফুলী থানা
কর্ণফুলী থানা |সংগৃহীত

চট্টগ্রামের কর্ণফুলীতে পূর্বশত্রুতার জেরে প্রকাশ্যে মোহাম্মদ দিদার আলম (৪৮) নামে এক ব্যক্তিকে মাথায় আঘাত করে হত্যার পর পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন ঘাতক আবু তৈয়ব (৪৭)।

শুক্রবার (১০ এপ্রিল) রাত আনুমানিক ৯টার দিকে উপজেলার মইজ্জ্যারটেক এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ দিদার আলম চট্টগ্রামের পটিয়া উপজেলার ৭ নম্বর জিরি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মোহাম্মদ নগর এলাকার চানমিয়া হাজী বাড়ির মরহুম আহম্মদ মিয়ার ছেলে। অন্যদিকে ঘাতক আবু তৈয়বের বাড়ি একই ইউনিয়নের মোহাম্মদ নগর এলাকা।

জানা যায়, রিয়াজ উদ্দিন বাজারে দিদারের মোবাইল এক্সেসরিজের দোকান ছিল। আবু তৈয়ব ওই দোকানে চাকরি করতেন। তখন থেকে তাদের মধ্যে শত্রুতা শুরু হয়। পূর্বশত্রুতার জেরে আবু তৈয়ব প্রকাশ্যে দিদারের মাথায় আঘাত করেন। এতে তার মৃত্যু হয়। ঘটনার পর জনতার হাত থেকে রক্ষা পেতে আবু তৈয়ব নিজেই পুলিশের কাছে আত্মসমর্পণ করেন।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর আলম বলেন, ‘আসামি থানা হাজতে রয়েছে। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।’