পঞ্চগড়ে ভর্তুকি মূল্যে মিলছে গোশত-ডিম

উপজেলা প্রশাসন, প্রাণিসম্পদ দফতর ও বণিক সমিতির সার্বিক তত্ত্বাবধানে রমজান মাসজুড়ে প্রতিদিন সকাল ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চলবে এ বিক্রয় কার্যক্রম।

Location :

Panchagarh
ক্রেতাদের দীর্ঘ লাইন
ক্রেতাদের দীর্ঘ লাইন |নয়া দিগন্ত

বোদা (পঞ্চগড়) সংবাদদাতা
পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য ফরহাদ হোসেন আজাদ এমপির উদ্যোগে পঞ্চগড়ের বোদা উপজেলায় পবিত্র রমজান মাস উপলক্ষ্যে ভর্তুকি মূল্যে গরুর গোশত ও নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রির ব্যবস্থা করা হয়েছে।

সোমবার (২৩ জানুয়ারি) সকাল ৭টায় উপজেলা প্রাণিসম্পদ অফিসের সামনে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়। আর উদ্বোধনের পর থেকেই সেখানে ক্রেতাদের দীর্ঘ লাইন দেখা যায়।

বাজারের চড়া দামের সাথে এই স্টলের মূল্যের পার্থক্য যেন চোখে পড়ার মতো। বাইরের বাজারে যেখানে গরুর গোশত কেজিতে ৮০০ টাকা ছুঁইছুঁই, সেখানে এখানে মিলছে মাত্র ৬৫০ টাকায়। বোতলজাত সয়াবিন তেল ১৯০ টাকা, ছোলা ৮০ টাকা, চিনি ৯৫ টাকা, ডিম ৩৩ টাকা (হালি), পেঁয়াজ ৩৫ টাকা ও গরুর দুধ ৬০ টাকা লিটার দরে পাওয়া যাচ্ছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, ভোরে লাইনে দাঁড়ানো ক্রেতাদের মধ্যে উৎসাহ আর প্রতিমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা যেন মিশে আছে। দামের এই পার্থক্য তাদের মুখে হাসি ফুটিয়েছে।

স্থানীয় বাসিন্দা মো: জামিল হোসেনের কথায় তা স্পষ্ট। তিনি বলেন, ‘বাজারে গোশত কিনতে গেলে পকেট কেঁদে ওঠে। ৬৫০ টাকায় গোশত পাব, দুধ-ডিমও এত সস্তায়— এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।’

উপজেলা প্রশাসন, প্রাণিসম্পদ দফতর ও বণিক সমিতির সার্বিক তত্ত্বাবধানে রমজান মাসজুড়ে প্রতিদিন সকাল ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চলবে এই বিক্রয় কার্যক্রম। মূলত খেটে খাওয়া ও নিম্নআয়ের মানুষের কষ্ট লাঘব করতেই এই ভাবনা বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী মো: ফরহাদ হোসেন আজাদ।

তিনি বলেন, ‘পবিত্র রমজান মাসে সাধারণ মানুষের কষ্ট লাঘব করতেই এই উদ্যোগ। বোদাবাসী যাতে স্বল্প মূল্যে মানসম্মত পণ্য পান, সেজন্য প্রশাসন ও ব্যবসায়ীদের সর্বাত্মক সহযোগিতা নিশ্চিত করা হয়েছে।’

উল্লেখ্য, বোদা ও দেবীগঞ্জের সাংসদ ফরহাদ হোসেন আজাদ ইতোপূর্বেও ত্রাণ ও শীতবস্ত্র বিতরণসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের মাধ্যমে জনপ্রিয়তা পেয়েছেন। এবারের এই ভর্তুকি কার্যক্রমও সাধারণ মানুষের মাঝে ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে।