সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন বন্ধে অভিযান চালিয়েছে টাস্কফোর্স। অভিযানকালে বালু ও পাথরবোঝাই ২০টি নৌকা আটক করে নদীতে ডুবিয়ে দেয়া হয়। একইসাথে ঘটনায় আটক তিনজনকে সাজা দেয়া হয়।
বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুর থেকে বিকেল পর্যন্ত জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফরহাদ উদ্দিন অভির নেতৃত্বে জাফলংয়ের জাফলং ব্রিজ, চা-বাগান এলাকা, জুমপাড় ও বল্লাঘাট নদীতে এ অভিযান পরিচালিত হয়।
জানা যায়, অভিযানকালে বালু ও পাথরবোঝাই ৮টি ইঞ্জিনচালিত স্টিলের বড় নৌকা, ২টি ইঞ্জিনচালিত কাঠের নৌকা ও ১০টি বারকি নৌকা পিয়াইন নদীতে ডুবিয়ে দেয়া হয়। একইসাথে অবৈধভাবে বালু উত্তোলনের সাথে জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।
অভিযানে গোয়াইনঘাট থানার এসআই ওবায়দুল্লাহ, সংগ্রাম বিওপির ক্যাম্প কমান্ডার শহিদুল ইসলামসহ বিপুল সংখ্যক পুলিশ ও বিজিবি সদস্য উপস্থিত ছিলেন।
জাফলংয়ে টাস্কফোর্সের অভিযান বিষয়ে গোয়াইনঘাটের উপজেলা নির্বাহী কর্মকর্তা রতন কুমার অধিকারী জানান, ‘জাফলংয়ে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলনের খবর পেয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে তাৎক্ষণিক অভিযান চালানো হয়েছে।
অবৈধভাবে বালু পাথর উত্তোলনকারীদের বিরুদ্ধে প্রশাসনের কঠোর অভিযান অব্যাহত থাকবে।’
তিনি আরো জানান, ‘জাফলং জিরো পয়েন্টের চুরি হওয়া পাথর উদ্ধার করে (বৃহস্পতিবার) ১ হাজার ৫০০ ঘনফুটসহ এ পর্যন্ত সর্বমোট ২৫ হাজার ঘনফুট পাথর জিরো পয়েন্টে প্রতিস্থাপন করা হয়েছে।’



