নওগাঁর মান্দায় সাপের দংশনে রানা হোসেন (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (১৩ মে) সকাল ৮টার দিকে উপজেলার ভালাইন ইউনিয়নের গোড়রা গ্রামে এ ঘটনা ঘটে।
জানা যায়, আজ বুধবার সকালে রানা হাটে বিক্রির জন্যে কলার কাঁদি ব্যাটারিচালিত অটোভ্যানে তুলছিলেন।
এ সময় কলার কাঁদিতে লুকিয়ে থাকা একটি বিষধর সাপ রানার হাতে দংশন করে (কামড় দেয়)। এ সময় তার আর্তচিৎকারে পরিবারের লোকজন এসে সাপটিকে পিটিয়ে মেরে ফেলে এবং রানাকে স্থানীয় মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
স্থানীয় চেয়ারম্যান ও ব্যবসায়ী ইয়ারুর বলেন, শুরুতেই সাপের কামড়ের ভ্যাকসিন দেয়া হলে হয়ত রানাকে বাঁচানো সম্ভব হতো। তাকে হাসপাতালে নিতেই অনেক সময় অতিবাহিত হয়েছে। বর্ষাকালে সাপের উপদ্রব বেশি হয় এজন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি।
এ বিষয়ে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম বলেন, বিষয়টি তিনি জেনেছেন। পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।



