২০২৬-২৭ অর্থবছরে মসিকের জন্য ৮২২ কোটি টাকার বাজেট ঘোষণা

‘১৬ মার্চ দায়িত্ব গ্রহণের পর থেকে নগরবাসীর উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছি। জলাবদ্ধতা নিরসনে ড্রেন ও খাল পরিষ্কার করা হয়েছে। নগরবাসী আকুয়া খাল, গোহাইলকান্দি খালের কথা ভুলতে বসেছে। সেই খালে এখন পানির স্রোত বহমান।’

ময়মনসিংহ অফিস

Location :

Mymensingh
ময়মনসিংহ সিটি করপোরেশনের বাজেট ঘোষণা
ময়মনসিংহ সিটি করপোরেশনের বাজেট ঘোষণা |নয়া দিগন্ত

২০২৬-২৭ অর্থবছরে ময়মনসিংহ সিটি করপোরেশনের (মসিক) জন্য ৮২২ কোটি ৩০ লাখ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।

সোমবার (৬ জুলাই) দুপুরে সিটি করপোরেশনের শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে বাজেট ঘোষণা করেন সিটি প্রশাসক রোকনুজ্জামান রোকন।

সিটি প্রশাসক বলেন, ‘আগামী অর্থবছরের মোট বাজেটের রাজস্ব বাজেট ১৪৬ কোটি ২৭ লাখ টাকা এবং উন্নয়ন বাজেট ধরা হয়েছে ৬৭৬ কোটি তিন লাখ টাকা। এছাড়াও ২০২৫-২৬ সালের সংশোধিত বাজেট ৬৪৩ কোটি ৭৯ লাখ টাকা। প্রস্তাবিত বাজেটে ব্যয় ধরা হয়েছে ৭৯০ কোটি ১১লাখ টাকা।’

তিনি আরো বলেন, ‘প্রতিষ্ঠালগ্ন থেকে শিক্ষা, স্বাস্থ্যসেবা, ব্যবসা-বাণিজ্য ও প্রশাসনিক কাজে বিভিন্ন প্রয়োজনে পার্শ্ববর্তী জেলার লোকজন ময়মনসিংহ নগরীতে আসে এবং অব্যাহতভাবে নগরীতে জনসংখ্যা বৃদ্ধিসহ নাগরিক সেবার চাহিদা বৃদ্ধি পেতে থাকে। ময়মনসিংহ শহর এলাকায় কোনো শিল্পপ্রতিষ্ঠান বা বাণিজ্যিক কেন্দ্র না থাকায় স্থানীয় রাজস্ব দ্বারা কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব হয়নি।’

সিটি প্রশাসক আরো বলেন, ‘এবারের বাজেটে নতুন করে কোনো কর আরোপ করা হয়নি। তবে নগরীর নতুন সম্প্রসারিত এলাকায় উন্নয়ন নিশ্চিত করে কর ধার্য করা হবে। এর আগে কোনো খাতে নতুন কর আরোপ করা হবে না।’

প্রশাসক রোকনুজ্জামান রোকন বলেন, ‘১৬ মার্চ দায়িত্ব গ্রহণের পর থেকে নগরবাসীর উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছি। জলাবদ্ধতা নিরসনে ড্রেন ও খাল পরিষ্কার করা হয়েছে। নগরবাসী আকুয়া খাল, গোহাইলকান্দি খালের কথা ভুলতে বসেছে। সেই খালে এখন পানির স্রোত বহমান।’

তিনি বলেন, ‘এই বর্ষায় নগরবাসী সাময়িক সময়ের জন্য জলমগ্ন অবস্থা দেখেছেন কিন্তু জলাবদ্ধতা দেখতে পাননি। নগরীর ড্রেন ও খাল পরিষ্কার করার জন্য সাড়ে পাঁচ শত লোক নিয়োগ করেছি। বস্তির উন্নয়নে কাজ করছি।’

তিনি আরো বলেন, ‘আমাদের অনেক সীমাবদ্ধতা আছে। কাজের সীমাবদ্ধতাও আছে। সরকারের নির্দেশনার বাইরে কোনো কাজ করার সুযোগ নেই।’

সিটি প্রশাসক আরো বলেন, ‘নগরটা আমাদের, এ কথা মনে রেখেই পরিষ্কার-পরিচ্ছন্ন নগরীতে পরিণত করতে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করছি। নগরীর ফুটপাত দখলমুক্ত করা এবং যানজট নিরসনে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে।’

এ সময় উপস্থিত ছিলেন সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সুমনা আল মজীদ, প্রধান প্রকৌশলী মো: রফিকুল ইসলাম মিয়া, পরিবহন মহাব্যবস্থাপক রাজীব উল হাসান, মহানগর বিএনপির আহ্বায়ক অধ্যাপক এ কে এম শফিকুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শেখ আমজাদ আলী, এ কে এম মাহবুবুল আলম, জামায়াতের জেলা আমির আবদুল করিম, মহানগর নায়েবে আমির আসাদুজ্জামান সোহেল, সেক্রেটারি শহীদুল্লাহ কায়সার, ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক তৌহিদুজ্জামান ছোটন, দৈনিক নিউ টাইমস সম্পাদক সাইফুল ইসলাম, এনটিভির স্টাফ রিপোর্টার ও ময়মনসিংহ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি অমিত রায়, এখন টিভির ব্যুরো প্রধান হারুনুর রশিদ, স্টার নিউজের ব্যুরো প্রধান সাদিকুর রহমানসহ সিটি করপোরেশনের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক, জুলাইযোদ্ধা, আলেম সমাজের প্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিগণ।