কালীগঞ্জ (গাজীপুর) সংবাদদাতা
শিক্ষার উন্নয়নে গাজীপুরের কালীগঞ্জে একাধিক নতুন স্কুল ভবন উদ্বোধন, ২১৯ জন কৃতী শিক্ষার্থীকে সম্মাননা, মাদকবিরোধী সমাবেশ ও গাছের চারা বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) দিনব্যাপী অনুষ্ঠানের প্রথম ভাগে লাল ফিতা কেটে সেন্ট মেরীস গার্লস হাইস্কুল অ্যান্ড কলেজের নতুন ভবন উদ্বোধন শেষে শিক্ষার্থীদের বই পড়া ও বিতর্ক প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ এবং নজরুল বর্ষ উপলক্ষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৃত্য পরিবেশন করা হয়।
অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করা হয়। পরে বিকেলে কালীগঞ্জ আর আর এন পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন শেষে অত্র স্কুল মাঠে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার এ টি এম কামরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য এ কে এম ফজলুল হক মিলন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুরের জেলা প্রশাসক (ডিসি) মো: নুরুল করিম ভূঁইয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এম. রকিবুল হাসান ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কাজী নাজিব হাসান।
স্বাগত বক্তব্য রাখেন সেন্ট মেরীস গার্লস হাইস্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষিকা সি. বীনা খ্রীস্টিনা রোজারিও।
এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আল-আমিন হালদার, অতিরিক্ত পুলিশ সুপার (কালীগঞ্জ সার্কেল) মো. আসাদুজ্জামান, কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. জাকির হোসেন, উপজেলা বিএনপির আহ্বায়ক মাস্টার হুমায়ুন কবির, উপজেলা বিএনপির সদস্য সচিব খালেকুজ্জামান বাবলু, উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য মোহাম্মদ সোলাইমান আলম, খায়রুল আহসান মিন্টু, আশরাফি হাবিবউল্লাহ ও গাজীপুর জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মাসুদ রানা।
আরো উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার মাহমুদুল হাসান, উপজেলা প্রকৌশলী মো. রেজাউল হক, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জেসমিন আক্তার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম আজাদ, জনস্বাস্থ্য প্রকৌশলী আবুল হোসেন আকাশ, তুমলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুবকর বাক্কু, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
কালীগঞ্জে জেলা প্রশাসকের প্রথম সফর উপলক্ষে উপজেলার চলমান উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি, জনসেবার মানোন্নয়ন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।
জেলা প্রশাসক মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্সের কথা উল্লেখ করে বলেন, মাদক, বাল্যবিয়ে, ইভটিজিংকারীদের কোনো ছাড় নয়। জনগণের সেবা নিশ্চিত করতে মাঠ প্রশাসনকে আরও সক্রিয়ভাবে কাজ করতে হবে। উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি সাধারণ মানুষের সমস্যা দ্রুত সমাধানের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
প্রধান অতিথি এ কে এম ফজলুল হক মিলন তার বক্তব্যে বলেন, কালীগঞ্জের মানুষের উন্নয়ন ও কল্যাণে জনপ্রতিনিধি এবং প্রশাসনের মধ্যে সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকারের উন্নয়ন কর্মকাণ্ড যাতে সঠিকভাবে বাস্তবায়িত হয় এবং সাধারণ মানুষ তার সুফল পায়, সে বিষয়ে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
সভায় বক্তারা মাদকের ভয়াবহতা, মাদকাসক্তির কারণে শিক্ষার্থী ও তরুণ সমাজের ওপর বিরূপ প্রভাব এবং মাদক প্রতিরোধে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সম্মিলিত ভূমিকা নিয়ে আলোচনা করেন। শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করা এবং মাদকের ভয়াল ছোবল থেকে তরুণ প্রজন্মকে দূরে রাখতে এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।



