স্বরাষ্ট্র উপদেষ্টা (অবসরপ্রাপ্ত) লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। এতে বিন্দুমাত্র সন্দেহ নেই।’
তিনি বলেন, ‘যারা নির্বাচন নিয়ে দ্বিধায় আছেন, তারা অল্প সংখ্যক লোক। তারা বিদেশে পালিয়ে থেকে নির্বাচন নিয়ে দ্বিধা-দ্বন্দ্বের কথা বলছেন। তাদের বুকে সাহস থাকলে দেশে এসে কথা বলুক।’
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে সাভারের তেঁতুলঝোড়া উচ্চ বিদ্যালয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সাভার উপজেলা প্রশাসন, বাংলাদেশ সেনাবাহিনী, বিজিবি, র্যাব, আনসার, পুলিশ, ফায়ার সার্ভিস, গ্রাম পুলিশ ও বাংলাদেশ স্কাউটসের উদ্যোগে মক ভোটিং কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন তিনি।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আগামী নির্বাচনে দেশবাসী সবাই ভোটকেন্দ্রে যাবেন। ভোটারগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবেন। তখন তাদের মুখে চুনকালি পড়বে।’
তিনি আরো বলেন, ‘র্যাবের পোশাক পরিবর্তনের চেষ্টা করা হবে। বাহিনীর সম্মান অক্ষুণ্ন রাখতে চেষ্টা করা হবে।’
এ সময় উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রসচিব নাসিমুল গণি, পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলমসহ আরো অনেকে।



