সুনামগঞ্জের ছাতক উপজেলার লেবারপাড়া ও দক্ষিণ বাগবাড়ি গ্রামের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) ইফতারের সময় শুরু হয়ে প্রায় দুই ঘণ্টাব্যাপী দফায় দফায় এ সংঘর্ষ চলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, পেপার মিল বাজার এলাকায় ইট-পাটকেল ও দেশীয় অস্ত্র ব্যবহার করে উভয় পক্ষ হামলা ও পাল্টা হামলায় জড়ায়। সংঘর্ষের কারণে ছাতক-জাউয়াবাজার সড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। এ সময় কয়েকটি দোকান ভাঙচুর ও একটি মোটরসাইকেল আগুনে পুড়িয়ে দেয়া হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাজনৈতিক বিরোধ ও পূর্বশত্রুতার জেরে এ সংঘর্ষের সূত্রপাত। দক্ষিণ বাগবাড়ি-লেবারপাড়া গ্রামের সাবেক কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা মো. আছাব মিয়া এবং পৌর যুবদলের আহ্বায়ক মো. খায়ের উদ্দিনের সমর্থকদের মধ্যে প্রথমে উত্তেজনা সৃষ্টি হয়, পরে তা সংঘর্ষে রূপ নেয়।
আহতদের মধ্যে খায়ের উদ্দিন (৪০), শামীম আহমেদ (৩৫), পাভেল আহমেদ (৩০) ও জসীম উদ্দিন (৩২) গুরুতর আহত হয়ে সিলেট এম এ জি ওসমানী মেডিেক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। অন্যদের ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
পুলিশ জানায়, পূর্বশত্রুতা ও এলাকায় রাজনৈতিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে। প্রায় দুই ঘণ্টা পর থানা পুলিশ ও সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোনো মামলা দায়ের হয়নি।



