সিরাজগঞ্জের তাড়াশে বিএনপির সাবেক সংসদ সদস্য আব্দুল মান্নান তালুকদারের নির্বাচনী পথসভায় হামলা চালিয়ে গাড়ি ভাঙচুরের মামলার ওয়ারেন্টভুক্ত আসামি বারুহাস ইউনিয়নের ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান ময়নুল হককে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (১ মে) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার বারুহাস ইউনিয়নের বড়পওতা বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
তিনি উপজেলার বারুহাস ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান।
গত ৫ আগস্টের পর বারুহাস ইউনিয়ন বিএনপির সভাপতি আসাদুজ্জামান গাড়ি ভাঙচুর মামলায় ৯৯ জনকে নামীয় আসামি করে মামলা করেন। সে মামলার পালাতক আসামি চেয়ারম্যান ময়নুলকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, ময়নুল বিএনপির সাবেক সংসদ সদস্য আব্দুল মান্নান তালুকদারের নির্বাচনী পথসভায় গাড়ি ভাঙচুরের মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি।
এ ব্যাপারে তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে। আদালতে মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।’
উল্লেখ্য, ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি প্রার্থী সাবেক সদস্য আব্দুল মান্নান তালুকদারের নির্বাচনী পথসভায় হামলা চালিয়ে গাড়ি ভাঙচুর করা হয়।



