রাজবাড়ীর দৌলতদিয়া ঘাট মাছ বাজারের আড়তে ৩৫ কেজি ওজনের একটি কাতল মাছ বিক্রি হয়েছে ৭৩ হাজার ৫০০ টাকায়।
রোববার (৫ জুলাই) সকালে মো: হালিমের আড়ত থেকে উন্মুক্ত নিলামের মাধ্যমে দুই হাজার কেজি দরে বিশাল আকৃতির এই মাছটি কিনে নেন দৌলতদিয়া ৫ নম্বর ঘাট এলাকার মাছ ব্যবসায়ী সম্রাট শাজাহান শেখ।
জানা গেছে, রোববার ভোরে জেলে জমির হলদার ও তার সহযোগীরা পদ্মানদীর দৌলতদিয়া কলাবাগান এলাকায় জাল ফেললে বিশাল আকৃতির এই কাতল মাছটি ধরা পড়ে।
পরে বিক্রির জন্য মাছটি দৌলতদিয়া মাছ বাজারের হালিমের আড়তে এনে ওজন করে দেখেন মাছটির ওজন ৩৫ কেজি। বিশাল মাছটি একনজর দেখতে ভীড় করেন উৎসুক ও স্থানীয়রা।
এ সময় উন্মুক্ত নিলামের মাধ্যমে দুই হাজার টাকা কেজি দরে মোট ৭০ হাজার টাকায় বিক্রি হয়।
মাছ ব্যবসায়ী সম্রাট শাজাহান শেখ জানান, সকালে উন্মুক্ত নিলামে ৩৫ কেজি ওজনের বড় একটি কাতল মাছ ৭০ হাজার টাকায় কিনেছেন। এরপর দেশের বিভিন্নস্থানে মোবাইল ফোনে যোগাযোগ করে খুলনায় এক জার্মান প্রবাসীর কাছে দুই হাজার ১০০ টাকা কেজি দরে মোট ৭৩ হাজার ৫০০ টাকায় বিক্রি করেছেন।



