তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, জেলা পর্যায়ে আধুনিক তথ্য কমপ্লেক্স নির্মাণ প্রকল্পের আওতায় ইতোমধ্যে ২৬টি জেলায় তথ্য কমপ্লেক্স নির্মাণ কাজ শুরু হয়েছে। দেশের ৬৪ জেলায় পর্যায়ক্রমে তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হবে।
শনিবার (৪ এপ্রিল) ময়মনসিংহ নগরীর শিকারীকান্দায় বিভাগীয় তথ্য কমপ্লেক্স নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ইয়াসের খান চৌধুরী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী গণমাধ্যমে তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করা হবে এবং গণমাধ্যমের স্বাধীনতা বজায় থাকবে। একই সাথে তিনি মিথ্যা ও বানোয়াট তথ্য প্রচার থেকে বিরত থাকার আহ্বান জানান। এসময় তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে অপতথ্য ছড়ানো নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, অনেক উন্নয়ন প্রকল্প অতীতে দুর্নীতির কারণে বাস্তবায়ন হয়নি। তবে, তথ্য কমপ্লেক্স নির্মাণে কোনো ধরনের দুর্নীতি সহ্য করা হবে না। কেউ অনিয়ম করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
তথ্য কমপ্লেক্সে স্থানীয় সাংবাদিকদের জন্য সুযোগ-সুবিধা রাখার কথাও জানান প্রতিমন্ত্রী। জরাজীর্ণ প্রেস ক্লাবগুলোর বিকল্প হিসেবে এ কমপ্লেক্সের একটি অংশ লিজ দেয়ার বিষয়টি বিবেচনায় রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
বিশেষ অতিথির বক্তব্যে তথ্য সচিব মাহবুবা ফারজানা বলেন, তথ্য কমপ্লেক্সগুলো গুজব ও অপতথ্য প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং সাংবাদিকদের সাথে জনগণের সংযোগ আরো জোরদার করবে।
প্রকল্প সূত্রে জানা যায়, প্রায় ২০ কোটি টাকা ব্যয়ে নির্মিতব্য এ কমপ্লেক্সে থাকবে অফিস, লাইব্রেরি, ইন্টারনেট ক্যাফে, নিউজরুম, ডিজিটাল আর্কাইভ, কনফারেন্স রুম, কালার ল্যাব ও সিনেপ্লেক্সসহ আধুনিক সুবিধা। ভবনটির নির্মাণ কাজ ১৮ মাসে সম্পন্ন হওয়ার কথা রয়েছে।
গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মো: আবদুল জলিলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. এ কে এম ফজলুল হক ভুইয়া।
অনুষ্ঠানের গণপূর্ত বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোহাম্মদ মনিরুল ইসলাম, প্রকল্প পরিচালক মো: মনিরুজ্জামান ও জেলা প্রশাসক মো: সাইফুর রহমানসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



