খুলনার কয়রা উপজেলার পল্লীতে ধানক্ষেতে ইঁদুর মারার জন্য পেতে রাখা অবৈধ বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে লতিকা বৈদ্য (৪০) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
রোববার (২২ ফেব্রুয়ারি) সকাল ৭টার দিকে ওই গ্রামের নিরোদ রায়ের ধানক্ষেতে এই র্দুঘটনা ঘটে।
নিহত গৃহবধূ লতিকা বৈদ্য মহেশ্বরীপুর গ্রামের বরুন বৈদ্যর স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা গেছে, স্থানীয় নিরোদ রায় তার ধানক্ষেতে ইঁদুর দমনের উদ্দেশ্যে অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ নিয়ে তারের ফাঁদ পেত রাখে। ওই ফাঁদে লতিকার মৃত্যু হয়।
এর আগে, শনিবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যা থেকে লতিকা বৈদ্যর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরিবারের লোকজন রাতভর খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি। রোববার সকালে নিরোদ রায়ের ধানক্ষেতে লতিকার লাশ বিদ্যুৎস্পৃষ্ট অবস্থায় পড়ে থাকতে দেখেন এলাকাবাসী। পরে তারা থানা পুলিশকে খবর দিলে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে।
মহেশ্বরীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: শাহনেওয়াজ শিকারী ঘটনার সত্যতা স্বিকার করে বলেন ‘ওই ঘটনার সাথে জড়িত নিরোদ রায় পলাতক রয়েছেন।’
কয়রা থানার ওসি (তদন্ত) মো: শাহ আলম বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লতিকা বৈদ্যর লাশ উদ্ধার করেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’



