মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের মিরসরাইয়ে মাদক মামলায় ২০ বছরের সাজাপ্রাপ্ত আসামি সাফায়েত হোসেন নয়নকে (২৩) গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (৭ আগস্ট) ভোর ৪টার দিকে উপজেলার করেরহাট ইউনিয়নের পশ্চিম অলিনগর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
সাফায়েত উপজেলার করেরহাট ইউনিয়নের পশ্চিম অলিনগর গ্রামের ছালেহ আহম্মদের ছেলে।
পুলিশ জানায়, চট্টগ্রামের পটিয়া থানার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় আদালতের রায়ে সাফায়তকে ২০ বছরের কারাদণ্ড দেয়া হয়। একই রায়ে তাকে ৪০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ড দেয়া হয়।
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম বলেন, ‘অভিযান চালিয়ে মাদক মামলায় ২০ বছরের সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করা হয়েছে। তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন। এছাড়া শাহরিয়ার হোসেন তারেক নামে পরোয়ানাভুক্ত আরো এক আসামিকে গ্রেফতার করা হয়েছে।’
তিনি জানান, আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেয়ার জন্য সকালে তাদের আদালতে পাঠানো হয়।



