সুনামগঞ্জের তাহিরপুর সীমান্ত নদী যাদুকাটায় গোসল করতে নেমে আবু সাঈদ (১২) নামে এক মাদরাসার ছাত্র নিখোঁজ রয়েছে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেল ৩টার দিকে উপজেলা উত্তর বাদাঘাট ইউনিয়নের লাউড়েরগড় বিজিবি ক্যাম্পের উত্তরে এই দুর্ঘটনা ঘটে।
নিখোঁজ আবু সাঈদ ওই উপজেলার বাদাঘাট ইউনিয়নের শাহিদাবাদ গ্রামের রবি মিয়ার ছেলে।
আবু সাঈদের চাচা শহিদ মিয়া জানান, দুপুরের দিকে শাহ আরেফিন শাহিদাবাদ এতিমখানা মাদরাসা থেকে সমবয়সী চার থেকে পাঁচজন ছাত্রের সাথে গোসল করতে যাদুকাটা নদীতে যায়। এসময় নদীর পশ্চিম পাড় বারিক্কার টিলা সংলগ্ন বাঘের মুখ নামক নালায় তারা গোসল করতে নামে। আবু সাঈদের সাথে থাকা অন্য ছাত্ররা সাঁতরিয়ে পাড়ে উঠতে পারলেও সে পানিতে তলিয়ে যায়। পরে সাথে থাকা ছাত্ররা মাদরাসায় ও সাঈদের বাড়িতে তার নিখোঁজ হওয়ার সংবাদ জানালে পরিবারের লোকজন ও স্থানীয় এলাকাবাসী বিকেল থেকে তাকে উদ্ধারের চেষ্টা চালালেও আর উদ্ধার করা সম্ভব হয়নি।
থানার বাদাঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই নাজমুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলেই আসছি। নিখোঁজ ছাত্র এখনো উদ্ধার হয়নি। স্থানীয় এলাকাবাসীর সহযোগিতা উদ্ধারে চেষ্টা চলছে।’



