চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই চাচাতো ভাই নিহত হয়েছেন। এ ঘটনায় আরোহী অপর চাচাতো ভাই আহত হয়েছে।
শনিবার (২৩ মে) দুপুর ১২টা ৫০ এর দিকে মহাসড়কের পটিয়া কমল মুন্সিরহাট আনসার ক্যাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন পটিয়ার কচুয়াই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের শেখ মোহাম্মদ পাড়ার আকবর হোসেনের ছেলে মোহাম্মদ সামির (১৬) ও জাহিদুল ইসলামের ছেলে মোহাম্মদ তসলিম (১৬)। আহত আব্দুল আলীমের ছেলে মোহাম্মদ জয় (১৭)। তারা সকলেই সম্পর্কে চাচাতো ভাই বলে নিশ্চিত করেছেন ওই ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ ফোরকান।
তিনি জানান, বাড়ি থেকে মোটরসাইকেল করে তিন ভাই কমল মুন্সিরহাট যাচ্ছিল। এসময় বেপরোয়া গতির হানিফ পরিবহনের একটি বাস তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে একজন নিহত হয়। অপর আহত দু’জনকে পটিয়া হাসপাতালে নিয়ে গেলে সেখানে অপরজনের মৃত্যু হয়।
আহত জয়কে প্রাথমিক চিকিৎসা দিয়ে মুমূর্ষ অবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়।
পটিয়া হাইওয়ে ক্রসিং থানার পুলিশ পরিদর্শক (এসআই) মো: হারুন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ঘাতক বাসটি আটক করা হয়েছে। চালক ও হেলপার পালিয়ে গেছে। এ ব্যাপারে পরে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’



