রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারদর স্থিতিশীল রাখতে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের জগৎবাজার ও আনন্দবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে।
বুধবার (০৪ মার্চ) দুপুর ১২টা থেকে দেড়টা পর্যন্ত জেলা প্রশাসক শারমিন আক্তার জাহানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে দুটি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, রমজানকে কেন্দ্র করে কিছু অসাধু ব্যবসায়ী নিত্য প্রয়োজনীয় পণ্যের কৃত্রিম সংকট সৃষ্টি করে দাম বাড়ানোর চেষ্টা করছে—এমন অভিযোগের ভিত্তিতে জেলা প্রশাসন বাজার মনিটরিং জোরদার করেছে। এরই অংশ হিসেবে বুধবার দুপুরে অভিযান চালানো হয়।
অভিযানকালে জগৎবাজারের দুই পাইকারি বিক্রেতা—মেসার্স শাহ আমানত ট্রেডার্স ও আল মদিনা বাণিজ্যালয়কে পণ্যের ক্রয় রশিদ সংরক্ষণ না করার দায়ে ১ লাখ টাকা জরিমানা করা হয়।
অভিযান শেষে জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান জানান, রমজান মাস উপলক্ষে বাজারগুলোতে প্রতিদিন মনিটরিং কার্যক্রম চালানো হচ্ছে। তিনি বলেন, “ব্রাহ্মণবাড়িয়ায় তুলনামূলকভাবে বাজার পরিস্থিতি ভালো রয়েছে। কেউ যেন কৃত্রিম সংকট তৈরি করে মূল্য বৃদ্ধি বা অবৈধ মজুত করতে না পারে, সে জন্য ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।”
এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার শাহ মো. আব্দুর রউফ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তাহমিনা আক্তার এবং জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।



