ভোলার লালমোহনে তেতুলিয়া নদীতে বিশেষ কম্বিং অপারেশন চালিয়ে প্রায় ৮ লাখ টাকা মূল্যের ১৫টি অবৈধ বেহুন্দি জাল জব্দ করেছে উপজেলা মৎস্য বিভাগ।
উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়, শনিবার (২১ ফেব্রুয়ারি) দিবাগত রাতে প্রকল্প পরিচালক মোল্লা এমদাদ উল্যার দিকনির্দেশনা ও জেলা মৎস্য কর্মকর্তা ইকবাল হোসেনের পরিকল্পনায়, উপজেলা মৎস্য কর্মকর্তা আলী আহমদ আখন্দের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে তেতুলিয়া নদীর বিভিন্ন পয়েন্ট থেকে ১৫টি অবৈধ বেহুন্দি জাল জব্দ করা হয়। জব্দকৃত জালের আনুমানিক বাজারমূল্য প্রায় ৮ লাখ টাকা। পরে জব্দ করা জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
মৎস্য বিভাগ জানায়, অবৈধ জাল ব্যবহার করে মাছ শিকার রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


