ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে তিস্তা নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
রোববার (২৮ জুন) সন্ধ্যা ৬টা থেকে তিস্তা নদীর পানি নীলফামারীর ডালিয়া তিস্তা ব্যারেজ পয়েন্টে বিপৎসীমার ৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের পানি পরিমাপক নূরুল ইসলাম জানান, রোববার বিকেল থেকে তিস্তার পানি বাড়তে শুরু করে। এরপর সন্ধ্যা ৬টায় তিস্তার পানি ডালিয়া তিস্তা ব্যারেজ পয়েন্টে বিপৎসীমার ৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। এই পয়েন্টে বিপৎসীমা ৫২ দশমিক ১৫ সেন্টিমিটার। বর্তমানে তিস্তার পানি ৫২ দশমিক ২২ সেন্টিমিটার (বিপৎসীমার ৭ সেন্টিমিটার ওপর) দিয়ে প্রবাহিত হচ্ছে। রাতে তিস্তার পানি আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এদিকে পানির গতি নিয়ন্ত্রণে রাখতে তিস্তা ব্যারেজের ৪৪টি জলকপাট খুলে রাখা হয়েছে।
হঠাৎ করে তিস্তা নদীতে পানি বেড়ে যাওয়ায় নদী তীরবর্তী নীলফামারীর ডিমলা ও জলঢাকা উপজেলার কয়েকটি ইউনিয়নের মানুষজনের মধ্যে আতঙ্ক বিরাজ করছে বলে জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধিরা।
পানি উন্নয়ন বোর্ড নীলফামারীর ডালিয়া বিভাগের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী জানান, উজানের ঢলে তিস্তার পানি সন্ধ্যা থেকে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় ব্যারেজের সবকটি জলকপাট খুলে দেয়া হয়েছে।



