গাকৃবিতে ক্রপ এমব্রায়োলজির নতুন পাঠ্যগ্রন্থের মোড়ক উন্মোচন

গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে (গাকৃবি) প্রখ্যাত ক্রপ বোটানিস্ট প্রফেসর ড. মো: আব্দুল বাছেত মিয়া রচিত ফসলের ভ্রূণবিদ্যা বিষয়ক গ্রন্থ ‘এ টেক্সট বুক অব এমব্রায়োলজি অ্যান্ড রিপ্রোডাক্টিভ স্ট্রাকচার অব ক্রপ প্ল্যান্টস’-এর মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে।

মো: আজিজুল হক, গাজীপুর মহানগর

Location :

Gazipur
গাকৃবিতে ক্রপ এমব্রায়োলজির নতুন পাঠ্যগ্রন্থের মোড়ক উন্মোচন
গাকৃবিতে ক্রপ এমব্রায়োলজির নতুন পাঠ্যগ্রন্থের মোড়ক উন্মোচন |নয়া দিগন্ত

গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে (গাকৃবি) প্রখ্যাত ক্রপ বোটানিস্ট প্রফেসর ড. মো: আব্দুল বাছেত মিয়া রচিত ফসলের ভ্রূণবিদ্যা বিষয়ক গ্রন্থ ‘এ টেক্সট বুক অব এমব্রায়োলজি অ্যান্ড রিপ্রোডাক্টিভ স্ট্রাকচার অব ক্রপ প্ল্যান্টস’-এর মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির অডিও-ভিজ্যুয়াল কক্ষে আয়োজিত অনুষ্ঠানে গ্রন্থটির মোড়ক উন্মোচনের পাশাপাশি অনুদান প্রদান কার্যক্রমও সম্পন্ন হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর (ভিসি) ড. জি কে এম মোস্তাফিজুর রহমান।

বিশেষ অতিথি ছিলেন প্রো-ভিসি প্রফেসর ড. এম ময়নুল হক এবং ট্রেজারার প্রফেসর ড. মো: সফিউল ইসলাম আফ্রাদ। কেন্দ্রীয় লাইব্রেরির প্রধান প্রফেসর ড. মো: ইউনুছ মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন গ্র্যাজুয়েট স্টাডিজ অনুষদের ডিন প্রফেসর ড. মো: তোফাজ্জল ইসলাম, পরিচালক (গবেষণা) প্রফেসর ড. মো: মসিউল ইসলাম, প্রক্টর প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল আলম, ‘সামস রসায়ন পাবলিকেশন্স’-এর কর্ণধার ড. মোহাম্মদ মিজানুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. নূরুল ইসলাম এবং বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোসা: সালমা পারভিনসহ শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তারা।

অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথিসহ আমন্ত্রিত অতিথিরা গ্রন্থটির মোড়ক উন্মোচন করেন। পরে লেখক ড. বাছেত মিয়া তার গ্রন্থের প্রেক্ষাপট, গবেষণা-ভিত্তিক বিষয়বস্তু এবং রচনার পেছনের অভিজ্ঞতা ও প্রেরণার কথা তুলে ধরেন, যা উপস্থিতদের মধ্যে অনুপ্রেরণার সঞ্চার করে।

প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর বলেন, কৃষি শিক্ষাকে আধুনিক ও আন্তর্জাতিক মানে উন্নীত করতে এ ধরনের মৌলিক পাঠ্যগ্রন্থ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি আশাবাদ ব্যক্ত করেন, বইটি শিক্ষার্থী ও গবেষকদের জন্য একটি কার্যকর দিকনির্দেশনা হিসেবে কাজ করবে এবং কৃষি বিজ্ঞানের জ্ঞানভাণ্ডার সমৃদ্ধ করবে।

অনুষ্ঠানে লেখক গাকৃবির কেন্দ্রীয় লাইব্রেরিতে অনুদান হিসেবে তার বইয়ের ১০ কপি প্রদান করেন, যা ভবিষ্যৎ শিক্ষার্থীদের জন্য মূল্যবান সম্পদ হিসেবে বিবেচিত হবে।

এছাড়া ‘সামস রসায়ন পাবলিকেশন্স’-এর কর্ণধার ড. মিজানুর রহমান তার রচিত অ্যাগ্রিকালচারাল কেমিস্ট্রি, কেমিস্ট্রি অব ন্যাচারাল প্রোডাক্টস, বায়োজৈব রসায়ন, মৌলিক জৈব বিক্রিয়া কৌশল, বেসিক মেডিসিনাল কেমিস্ট্রি, বেসিক পলিমার কেমিস্ট্রি এবং বেসিক কেমিস্ট্রি বিষয়ক গুরুত্বপূর্ণ গ্রন্থসমূহ লাইব্রেরিতে উপহার দেন।

এই উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি আরো সমৃদ্ধ হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। এ জন্য ভিসি তাকে ধন্যবাদ জানান।

উল্লেখ্য, প্রফেসর ড. আব্দুল বাছেত মিয়া এর আগেও ‘মরফোলজি অ্যান্ড ট্যাক্সোনমি অব ক্রপ প্ল্যান্টস’ এবং ‘নিউট্রিশনস অব ক্রপ প্ল্যান্টস’ শীর্ষক গুরুত্বপূর্ণ গ্রন্থ রচনা করে কৃষি শিক্ষায় অবদান রেখেছেন।

সংশ্লিষ্টরা মনে করছেন, জ্ঞান, গবেষণা ও উদ্ভাবনের ধারাবাহিকতায় গাকৃবির এ উদ্যোগ বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক অগ্রযাত্রায় নতুন গতি সঞ্চার করবে।