দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে, ৯.৬ ডিগ্রি

শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৯.৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে, হিমেল বাতাস ও কুয়াশায় জনজীবন বিপর্যস্ত। দিনে রোদে কিছুটা স্বস্তি মিললেও ঠান্ডাজনিত রোগ বাড়ছে, তাপমাত্রা আপাতত অপরিবর্তিত থাকতে পারে।

এম এ রকিব, শ্রীমঙ্গল (মৌলভীবাজার)

Location :

Sreemangal
শ্রীমঙ্গলের চা বাগান
শ্রীমঙ্গলের চা বাগান |নয়া দিগন্ত

মাঘের শীতে কাঁপছে পর্যটন এলাকা হিসেবে পরিচিত ও চায়ের রাজ্য মৌলভীবাজারের শ্রীমঙ্গল। শনিবার (৩১ জানুয়ারী) সকাল ৯টায় শ্রীমঙ্গলস্থ আবহাওয়া পর্যবেক্ষণাগারে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণাগারের সিনিয়র পর্যবেক্ষক রাকিবুল হাসান জানান, শনিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

তিনি আরো জানান, শীতের শেষ সময়ে এসে গত কয়েকদিন ধরে দেশের শীতলতম স্থান হিসেবে পরিচিত শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হচ্ছে। শনিবার সকাল ৬টায় সর্বনিম্ন ছিল ১০ দশমিক ২ ডিগ্রি। এর আগের দিন শুক্রবার সকাল ৬টায় তাপমাত্রা রেকর্ড করা হয় ১২ দশমিক ৪ ডিগ্রি। বৃহস্পতিবার ছিল ১১ দশমিক ৪ ডিগ্রি, আর ২৪ জানুয়ারি থেকে ২৭ জানুয়ারি টানা চার দিন শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১০ থেকে ১০ দশমিক ৩ ডিগ্রির মধ্যে।

বিকেল থেকে ভোর পর্যন্ত হালকা কুয়াশার সাথে হিমেল বাতাস প্রবাহিত হওয়ায় তিব্র শীতে জনজীবন কিছুটা বিপর্যস্থ হলেও দিনে সূর্যের আলো ছড়িয়ে পড়ায় কিছুটা স্বস্থি আসে জীবনযাত্রায়। তবে বাতাসে ধুলোকণা বেশি থাকায় স্বর্দি-কাশি ও ঠান্ডাজনিত বিভিন্ন রোগে আক্রান্তের সংখ্যা ক্রমেই বাড়ছে।

এদিকে আবহাওয়া অফিস জানায়, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারী থেকে ঘন কুয়াশা পড়তে পারে। সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।