ভোলার বোরহানউদ্দিনে জমি-সংক্রান্ত বিরোধের জেরে মাইনউদ্দিন (৩৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বজলুর রহমান (৫৫) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (২৯ মে) বিকেল ৫টার দিকে উপজেলার দেউলা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ছোটপাতা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মাইনউদ্দিন দেউলা ইউনিয়নের নেছারউল্লাহর ছেলে এবং পেশায় একজন রাজমিস্ত্রি ফোরম্যান ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, নেছারউল্লাহর সাথে একই এলাকার ফয়জুল্লাহর দলের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে একাধিকবার উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।
অভিযোগ রয়েছে, শুক্রবার বিকেলে প্রতিপক্ষের লোকজন পরিকল্পিতভাবে মাইনউদ্দিনকে বাড়ি থেকে ডেকে এনে হামলা চালায়। হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করেন। প্রাণ বাঁচাতে তিনি পাশের একটি পুকুরে ঝাঁপ দেন। তবে হামলাকারীরা সেখানেও তাকে ধাওয়া করে এবং পুকুরে নেমে কুপিয়ে জখম করে বলে স্থানীয়রা জানায়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং এলাকায় নজরদারি জোরদার করে। এ ঘটনায় বোরহানউদ্দিন থানা পুলিশ অভিযান চালিয়ে দেউলা ইউনিয়নের ছোটপাতা গ্রামের বজলুর রহমানকে গ্রেফতার করেছে।
নিহতের পরিবারের দাবি, এটি পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড। তারা দ্রুত সব আসামিকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
বোরহানউদ্দিন থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রিপন কুমার সাহা বলেন, ‘প্রাথমিক তদন্তে জমি-সংক্রান্ত বিরোধের বিষয়টি সামনে এসেছে। একজনকে গ্রেফতার করা হয়েছে এবং জড়িত অন্যদের আটকের চেষ্টা চলছে।’



