আমতলীতে খাস জমি নিয়ে সংঘর্ষে আহত ৭

বরগুনার আমতলীতে খাস জমি নিয়ে দ্বন্দ্বে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ ৭ জন আহত হয়েছেন। আহতদের স্বজনরা উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।

আমতলী (বরগুনা) সংবাদদাতা

Location :

Amtali
আমতলীতে খাস জমি নিয়ে সংঘর্ষে আহত ৭
আমতলীতে খাস জমি নিয়ে সংঘর্ষে আহত ৭ |নয়া দিগন্ত

বরগুনার আমতলীতে খাস জমি নিয়ে দ্বন্দ্বে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ ৭ জন আহত হয়েছেন। আহতদের স্বজনরা উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।

শুক্রবার (১৩ মার্চ) সকালে উপজেলার পূর্ব চিলা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, আমতলী উপজেলার পূর্ব চিলা গ্রামের শ্যামল পাইক ও রাধিকা হাওলাদারের মধ্যে খাস জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। শুক্রবার সকালে দু’পক্ষই সার্ভেয়ার দিয়ে ওই জমি পরিমাপ করে। এমন সময় উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দু’পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে উভয় পক্ষের সাতজন আহত হয়।

আহত শ্যামল পাইক (৬৫), সুবাল পাইক (২৭), মধুসূদন (৪৫), রাধিকা হাওলাদার (৮০), মালতি রানী (৫০), সীমা রানী (২৫) ও পরিতোষ মিস্ত্রীকে (৩০) স্বজনরা উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

পরে গুরুতর আহত রাধিকা হাওলাদারকে বরিশাল শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে (শেবামেক) পাঠানো হয়েছে।

আহত শ্যামল পাইক বলেন, আমার বাড়ির সামনের জমি রাধিকা হাওলাদার তার দাবি করে ভোগদখল করতে চায়। আমি তাকে বাধা দিলে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আমাকেসহ তিনজনকে জখম করে।

পরিতোষ মিস্ত্রি বলেন, আমার শ্বশুর রাধিকা হাওলাদারের ভোগদখল করা জমি শ্যামল পাইক তার দাবি করে। এ নিয়ে শুক্রবার জমি মাপতে গেলে সুবাল পাইক ও শ্যামল পাইক ধারালো অস্ত্র দিয়ে আমাদের চারজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম করে।

আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা: স্বর্না আক্তার বলেন, আহতদের যথাযথ চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এক বৃদ্ধকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবামেক হাসপাতালে পাঠানো হয়েছে।