ডুয়েটের নতুন প্রো-ভিসি অধ্যাপক প্রকৌশলী রুমা

শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনী কর্মকাণ্ডের মাধ্যমে ডুয়েটের অগ্রযাত্রাকে আরো বেগবান করতে তিনি সর্বোচ্চ নিষ্ঠা ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করবেন।

মো: আজিজুল হক, গাজীপুর মহানগর
ডুয়েটের ভিসি অধ্যাপক ইকবালের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন প্রো-ভিসি অধ্যাপক রুমা
ডুয়েটের ভিসি অধ্যাপক ইকবালের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন প্রো-ভিসি অধ্যাপক রুমা |নয়া দিগন্ত

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) নতুন প্রো-ভিসি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের অধ্যাপক ড. প্রকৌশলী রুমা।

বুধবার (২৯ জুলাই) সকালে দায়িত্ব গ্রহণের পর তিনি ডুয়েটের ভিসি অধ্যাপক ড. প্রকৌশলী মোহাম্মদ ইকবালের সাথে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, পরিচালক, দফতর প্রধান, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা।

এর আগে, মঙ্গলবার (২৮ জুলাই) তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।

ভিসি অধ্যাপক ড. প্রকৌশলী মোহাম্মদ ইকবাল নবনিযুক্ত প্রো-ভিসিকে অভিনন্দন জানিয়ে বলেন, ডুয়েটের চলমান উন্নয়ন কার্যক্রমকে আরো গতিশীল ও টেকসই করতে সমন্বিত নেতৃত্ব ও পারস্পরিক সহযোগিতার বিকল্প নেই। তিনি আশা প্রকাশ করেন, নবনিযুক্ত প্রো-ভিসি তার দীর্ঘ অ্যাকাডেমিক ও প্রশাসনিক অভিজ্ঞতা দিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও প্রশাসনিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদান রাখবেন।

দায়িত্ব গ্রহণের পর অধ্যাপক ড. প্রকৌশলী রুমা জানান, শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনী কর্মকাণ্ডের মাধ্যমে ডুয়েটের অগ্রযাত্রাকে আরো বেগবান করতে তিনি সর্বোচ্চ নিষ্ঠা ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করবেন। তিনি বিশ্ববিদ্যালয়কে একটি আধুনিক, জ্ঞানভিত্তিক ও আন্তর্জাতিক মানসম্পন্ন প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সহযোগিতা কামনা করেন।

এর আগে, সোমবার (২৭ জুলাই) রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের জারি করা প্রজ্ঞাপনে অধ্যাপক ড. প্রকৌশলী রুমাকে চার বছরের জন্য ডুয়েটের প্রো-ভিসি নিয়োগ দেয়া হয়।

বর্তমানে তিনি ডুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে বিভাগীয় প্রধান, হল প্রভোস্টসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশাসনিক দায়িত্ব পালন করেছেন। তিনি ডুয়েট থেকে স্নাতক (ইঞ্জিনিয়ারিং) ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরে জাপানের কুমামোতো বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন।

উচ্চ ভোল্টেজ ডিসচার্জ প্লাজমা, নবায়নযোগ্য জ্বালানি, পাওয়ার ইলেকট্রনিক্স ও পাওয়ার সিস্টেম তার গবেষণার প্রধান ক্ষেত্র। জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন জার্নাল ও সম্মেলনে তার ৩৯টির বেশি গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে।

অধ্যাপক ড. প্রকৌশলী রুমা ১৯৮১ সালে নরসিংদী জেলার শিবপুর উপজেলার সৈয়দের খোলা গ্রামে জন্মগ্রহণ করেন। তার স্বামী ড. প্রকৌশলী আহসান হাবিব একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের যন্ত্রকৌশল বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত আছেন।