নগরকান্দা (ফরিদপুর) সংবাদদাতা
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, ‘আওয়ামী ফ্যাসিবাদী সরকারের সঠিক নীতি ও পরিকল্পনার অভাবে দেশের কৃষি ও মৎস্য খাত ক্ষতিগ্রস্ত হয়েছে।’
রোববার (১৬ আগস্ট) দুপুরে ফরিদপুরের নগরকান্দায় উপজেলা প্রশাসন ও মৎস্য দফতরের আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
শামা ওবায়েদ আরো বলেন, ‘সরকার গঠনের পর কৃষি ও মৎস্য খাতকে সর্বাধিক গুরুত্ব দেয়া হয়েছে। বর্তমান সরকার কৃষক, মৎস্যজীবী ও সাধারণ মানুষের কল্যাণে কাজ করছে। কৃষক ও মৎস্যজীবীদের জীবনমান উন্নয়ন এবং উৎপাদন বাড়াতে সরকার বিভিন্ন কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা আফরিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক মাজহারুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক আফজাল হোসেন খান পলাশ, পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী, নগরকান্দা সার্কেলের সহকারী পুলিশ সুপার মুহম্মদ আল ফাহাদ ও নগরকান্দা থানার ওসি রাসুল সামদানি আজাদ।
বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার, সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফসহ জেলা ও উপজেলা পর্যায়ের সরকারি কর্মকর্তা-কর্মচারী এবং রাজনৈতিক নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল্লাহিল আবরারের সার্বিক তত্ত্বাবধানে আলোচনা সভা শেষে মৎস্য খাতে বিশেষ অবদানের জন্য বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এর আগে উপজেলা পরিষদ পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করেন।



