জাতীয় বিশ্ববিদ্যালয় ও অভিবাস টেকনিক্যাল ট্রেইনিং ইনস্টিটিউটের মধ্যে সমঝোতা

শিল্পখাতের চাহিদা অনুযায়ী দক্ষতা অর্জনের সুযোগ তৈরি করা গেলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দেশীয় শ্রমবাজারের পাশাপাশি আন্তর্জাতিক শ্রমবাজারেও নিজেদের যোগ্যতা প্রমাণ করতে পারবে।

মো: আজিজুল হক, গাজীপুর মহানগর

Location :

Gazipur
সমঝোতা স্মারক স্বাক্ষরিত
সমঝোতা স্মারক স্বাক্ষরিত |নয়া দিগন্ত

শিক্ষার্থীদের পেশাগত ও কারিগরি দক্ষতা বৃদ্ধি, শিল্পখাতের চাহিদার সাথে শিক্ষাক্রমের সমন্বয় এবং কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণে জাতীয় বিশ্ববিদ্যালয় ও অভিবাস টেকনিক্যাল ট্রেইনিং ইনস্টিটিউটের (ওটিটিআই) মধ্যে সমঝোতা স্মারক (এমওএম) স্বাক্ষরিত হয়েছে।

শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নগর কার্যালয়ে ভাইস-চ্যান্সেলরের কনফারেন্স হলে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষে ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ এবং অভিবাস টেকনিক্যাল ট্রেইনিং ইনস্টিটিউটের ম্যানেজিং ডিরেক্টর মালেকা পারভীন মোলি এতে স্বাক্ষর করেন।

এ সময় জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল-হোসেন, শারীরিক শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক দফতরের পরিচালক মোহাম্মদ শফিউল করিম, অভ্যন্তরীণ নিরীক্ষা দফতরের পরিচালক মো: জসিম উদ্দিন, ইন্টারন্যাশনাল ডেস্কের পরিচালক রাজ বিন কাসেম, কমিউনিকেশনস এক্সপার্ট গৌতম বড়ুয়া, মাল্টি-ল্যাঙ্গুয়েজ লার্নিং ইনস্টিটিউটের কোঅর্ডিনেটর মো: সাইফুল ইসলাম শাহীন এবং অভিবাস টেকনিক্যাল ট্রেইনিং ইনস্টিটিউটের পরিচালক তামান্না রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ বলেন, ‘শিক্ষার্থীদের আরো দক্ষ করে গড়ে তুলতে হবে। শিল্পখাতের চাহিদা অনুযায়ী দক্ষতা অর্জনের সুযোগ তৈরি করা গেলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দেশীয় শ্রমবাজারের পাশাপাশি আন্তর্জাতিক শ্রমবাজারেও নিজেদের যোগ্যতা প্রমাণ করতে পারবে।’

তিনি বলেন, ‘শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণে এ ধরনের ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিয়া সংযোগ আরো জোরদার করা হবে। এ সহযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের আধুনিক ও বাজারমুখী দক্ষতা অর্জনের পাশাপাশি কর্মসংস্থান বৃদ্ধি এবং আন্তর্জাতিক শ্রমবাজারে প্রবেশের সক্ষমতা তৈরিতে নতুন সুযোগ সৃষ্টি হবে।’

সমঝোতার আওতায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বাজারের চাহিদাভিত্তিক বিভিন্ন পেশাগত ও কারিগরি প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। একই সাথে শিল্পখাতের বর্তমান ও ভবিষ্যৎ চাহিদার সাথে সামঞ্জস্য রেখে অ্যাকাডেমিক কারিকুলাম উন্নয়ন ও হালনাগাদে দুই প্রতিষ্ঠান যৌথভাবে কাজ করবে।

এ সহযোগিতার আওতায় জাপানি ভাষা, কেয়ারগিভিং, তথ্যপ্রযুক্তি (আইটি), ডিজিটাল মার্কেটিং, বিউটিফিকেশন ও হসপিটালিটি খাতসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণের সুযোগ তৈরি হবে। প্রশিক্ষণ সফলভাবে সম্পন্নকারী শিক্ষার্থীদের সার্টিফিকেশনের মাধ্যমে স্বীকৃতি দেয়ার ব্যবস্থাও থাকবে।

এ ছাড়া শিক্ষার্থীদের বাস্তব কর্মক্ষেত্রের সাথে পরিচিত করতে ইন্টার্নশিপ ও অ্যাপ্রেন্টিসশিপ কার্যক্রম পরিচালনা এবং সম্ভাব্য কর্মসংস্থানের সুযোগ তৈরিতে উভয়পক্ষ সহযোগিতা করবে। এতে অ্যাকাডেমিক জ্ঞানের পাশাপাশি কর্মক্ষেত্রে প্রয়োজনীয় ব্যবহারিক ও পেশাগত দক্ষতা অর্জনের সুযোগ পাবেন শিক্ষার্থীরা।

সমঝোতার আওতায় পরিবর্তিত শ্রমবাজারের চাহিদা, প্রয়োজনীয় দক্ষতা ও কর্মসংস্থান নিয়ে যৌথ গবেষণা, সেমিনার, কর্মশালা ও উন্নয়নমূলক কার্যক্রম আয়োজনের উদ্যোগও নেয়া হবে। শিক্ষা প্রতিষ্ঠান ও শিল্পখাতের মধ্যে কার্যকর যোগাযোগ ও সহযোগিতা জোরদারে এ অংশীদারত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।