বাঁশখালী (চট্টগ্রাম) সংবাদদাতা
চট্টগ্রামের বাঁশখালীর শীলকূপ ইউনিয়নে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১২টি পরিবারের পাশে দাঁড়িয়েছে জামায়াতে ইসলামী বাঁশখালী উপজেলা শাখা।
শনিবার (১৪ জুন) দুপুরে বাঁশখালী সংসদীয় আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলামের নেতৃত্বে জামায়াতে ইসলামীর প্রতিনিধিদল অগ্নিদুর্গত এলাকা পরিদর্শন করেন। এসময় জামায়াতে ইসলামীর পক্ষ থেকে অগ্নিদুর্গত ১২টি পরিবারকে চার হাজার টাকা করে মোট ৪৮ হাজার টাকা নগদ অর্থ সহায়তা দেয়া হয়।
প্রতিনিধিদলে ছিলেন জামায়াতে ইসলামী চট্টগ্রাম দক্ষিণ জেলা সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা বদরুল হক, উপজেলা জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা ইসমাঈল, বায়তুল মাল সম্পাদক মো: মহিউদ্দিন, জামায়াত নেতা কাজী নুর মোহাম্মদ, রবিউল আলম, মাওলানা আরমান হাকীম প্রমুখ।
বাঁশখালী সংসদীয় আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম বলেন, ‘মানুষের বিপদে পাশে দাঁড়ানো জামায়াতে ইসলামীর অন্যতম প্রধান কাজ। মানুষ যখন বিপদের মুখোমুখি হয়, তখনই যা আছে তা নিয়ে পাশে দাঁড়ানোটা সাংগঠনিক নির্দেশনা। তাই আমরা তাৎক্ষণিক আমাদের সহায়তা নিয়ে আপনাদের পাশে দাঁড়িয়েছি। আপনাদের এই বিপদ থেকে উদ্ধার করতে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে। জামায়াতে ইসলামীর জন্য সকলে দোয়া করবেন। জামায়াতে ইসলামী ন্যায় ও ইনসাফভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় নিরলস সংগ্রাম করে যাচ্ছে।’
উল্লেখ্য, গত শুক্রবার শীলকূপ ইউপির পশ্চিম মনকিচর হেডপাড়া এলাকার ২ নম্বর ওয়ার্ডের কালু মাঝির বাড়িতে অগ্নিকাণ্ডে ১২টি ঘর ভস্মীভূত হয়।



