বরিশালের উজিরপুরে ভ্যান উল্টে খাদে পড়ে আলমগীর (৩০) নামের এক ভ্যানচালক নিহত হয়েছেন। শুক্রবার (১ মে) দুপুরে উপজেলার বড়াকোঠা ইউনিয়নের সাকরাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আলমগীর পার্শ্ববর্তী বাবুগঞ্জ উপজেলার রমজানকাঠী গ্রামের মরহুম আব্দুল মালেক বেপারীর ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, আলমগীর ভ্যান চালিয়ে দুপুরে উজিরপুরের সাকরাল বাজারের দিকে যাচ্ছিলেন। এ সময় একটি ব্রিজের ঢালে উঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানটি উল্টে খাদে পড়ে যায়। এতে ভ্যানচালক আলমগীর ভ্যানের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা আহত আলমগীরকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ২টার দিকে তার মৃত্যু হয়।
উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: রকিবুল ইসলাম বলেন, এ ঘটনায় বরিশাল কোতোয়ালী মডেল থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।



