ইসলামী ব্যাংকের ওপর নগ্ন হস্তক্ষেপের প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৪ মে) দুপুরে জেলার প্রধান বাণিজ্য কেন্দ্র চৌমুহনী ইসলামী ব্যাংকের সামনে ডিবি রোডে নগরীর বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের আয়োজনে এ কর্মসূচি পালিত হয়। পরে শাখা ব্যবস্থাপক হারুনুর রশিদেও কাছে স্মারকলিপি দেন তারা।
মানববন্ধনে বক্তারা বলেন, লুটেরা এস আলমের প্ররোচনায় ইসলামী ব্যাংকের একটি স্বনামধন্য আর্থিক প্রতিষ্ঠানের ওপর পরিকল্পিতভাবে অস্থিতিশীলতা সৃষ্টি ও গ্রাহকদের মধ্যে আতঙ্ক ছড়ানোর অপচেষ্টা চালানো হচ্ছে।
মানববন্ধনে অংশগ্রহণকারী গ্রাহক ও সচেতন নাগরিকরা বলেন, একটি বিশেষ মহল পরিকল্পিতভাবে ইসলামী ব্যাংককে বিতর্কিত করার অপচেষ্টা চালাচ্ছে। তারা অবিলম্বে এ ধরনের হস্তক্ষেপ বন্ধ এবং ব্যাংকিং খাতের স্থিতিশীলতা রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ কামনা করেন।
বক্তারা আরো বলেন, সাধারণ গ্রাহকদের স্বার্থ রক্ষা এবং দেশের আর্থিক খাতকে সুরক্ষিত রাখতে সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
এছাড়া ইসলামী ব্যাংক মাইজদী কোর্ট, সেনবাগ, সূবর্ণচর, সোনাইমুড়ী ও চাটখিলেও গ্রাহক ফোরামের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়।



