নগরকান্দায় সেনা সদস্যের বাড়িতে চুরির ঘটনায় আটক ৪

তথ্যপ্রযুক্তি ও স্থানীয় সূত্রের সহায়তায় বুধবার রাতে র‍্যাব ও নগরকান্দা থানা পুলিশের একটি যৌথ দল অভিযান পরিচালনা করে চারজনকে আটক করে।

কাজী আফতাব হোসেন, নগরকান্দা (ফরিদপুর)

Location :

Faridpur
চুরির ঘটনায় আটক চারজন চোর
চুরির ঘটনায় আটক চারজন চোর |নয়া দিগন্ত

ফরিদপুরের নগরকান্দার কাইচাইল ইউনিয়নের দক্ষিণকান্দী গ্রামে সেনাবাহিনীর এক সদস্যের বাড়িতে চুরির ঘটনায় চারজন চোরকে আটক করেছে যৌথবাহিনী।

বুধবার (১১ মার্চ) রাতে র‍্যাব ও নগরকান্দা থানা পুলিশের যৌথ অভিযানে তাদের আটক করা হয়।

ভুক্তভোগী মো: আব্দুল্লাহ বাংলাদেশ সেনাবাহিনীর একজন সদস্য। তিনি দক্ষিণকান্দী গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে। আটকরা হলেন- নগরকান্দার সুতারকান্দা গ্রামের হাসেম শেখের ছেলে মেহেদী হাসান ও মরহুম কাওসার মিয়ার ছেলে সম্রাট হোসেন, দক্ষিণকান্দী গ্রামের জিনদাউল খানের ছেলে মোহাম্মদ রেজাউল এবং ভাঙ্গার মধ্যপাড়া গ্রামের গোকুল সরকারের ছেলে নিলয় সরকার।

জানা গেছে, প্রায় দেড় মাস আগে দুর্বৃত্তরা তার বসতঘরের দরজা ভেঙে ঘরে প্রবেশ করে স্বর্ণালঙ্কারসহ বিভিন্ন মূল্যবান মালামাল চুরি করে নিয়ে যান। ঘটনার পর থেকে পরিবারের সদস্যরা চুরি হওয়া মালামাল উদ্ধারের জন্য স্থানীয়ভাবে খোঁজাখুঁজি শুরু করেন এবং বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করেন।

এ ঘটনার সূত্র ধরে তথ্যপ্রযুক্তি ও স্থানীয় সূত্রের সহায়তায় বুধবার রাতে র‍্যাব ও নগরকান্দা থানা পুলিশের একটি যৌথ দল অভিযান পরিচালনা করে চারজনকে আটক করে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে এলাকায় বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত বলে তাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে।

নগরকান্দা থানা পুলিশের একটি সূত্র জানায়, আটক ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং চুরি হওয়া স্বর্ণালঙ্কার ও অন্যান্য মালামাল উদ্ধারের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

এদিকে এলাকাবাসী চুরির ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। তারা বলেন, সম্প্রতি এলাকায় চুরি-ছিনতাইয়ের ঘটনা আশঙ্কাজনক হারে বেড়ে যায়।

পুলিশ জানিয়েছে, ঘটনার সাথে জড়িত অন্য কেউ থাকলে তাদেরও আইনের আওতায় আনা হবে।