সিলেট সীমান্তে ৫ কোটি টাকার চোরাইপণ্য জব্দ

‘এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ৫ কোটি ১২ লাখ ৪১ হাজার ২২০ টাকা।’

এমজেএইচ জামিল, সিলেট ব্যুরো

Location :

Sylhet
সিলেট সীমান্তে ৫ কোটি টাকার চোরাইপণ্য জব্দ
সিলেট সীমান্তে ৫ কোটি টাকার চোরাইপণ্য জব্দ

সিলেট সীমান্তে এবার ৫ কোটি টাকার ভারতীয় চোরাইপণ্য জব্দ করেছে বিজিবি। সিলেট ও সুনামগঞ্জ সীমান্ত এলাকায় ২ দিনে ৫ কোটি টাকার ভারতীয় চোরাইপণ্য আটকের ২৪ ঘণ্টার মাথায় আরো ৫ কোটি টাকার এসব পণ্য জব্দ করা হয়।

বৃহস্পতিবার (২৪ জুলাই) এই তথ্য নিশ্চিত করেছেন সিলেট বাটালিয়ন ৪৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো: নাজমুল হক।

বিজিবি সূত্র জানিয়েছে, ৪৮ বিজিবির দায়িত্বাধীন সিলেট এবং সুনামগঞ্জ সীমান্তের বাংলাবাজার, সংগ্রাম, উৎমা এবং মিনাটিলা বিওপির টহল দল বুধবার (২৩ জুলাই) দিবাগত রাত ও বৃহস্পতিবার (২৪ জুলাই) ভোরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় সানগ্লাস, ক্রিম, গরু, সুপারি, টমেটো ও চিনি জব্দ করে। এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ৫ কোটি ১২ লাখ ৪১ হাজার ২২০ টাকা।

সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো: নাজমুল হক বলেন, ঊর্ধ্বতন সদর দফতরের নির্দেশনা অনুযায়ী সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম এবং গোয়েন্দা তৎপরতা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ অবৈধ মালামাল জব্দ করা সম্ভব হয়েছে।

জব্দ মালামালের বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে বলে জানান তিনি।