গ্যাস সংকট, লোডশেডিং, বিদ্যুতের মূল্য বৃদ্ধি ও ভুতুড়ে বিল আদায়ের প্রতিবাদ এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিরসনের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান ও অবস্থান কর্মসূচি পালন করেছে চট্টগ্রাম মহানগর ১১ দলীয় ঐক্য।
বৃহস্পতিবার (৬ আগস্ট) নগরীর লালদিঘী জেলা পরিষদ চত্বরে সমাবেশের মাধ্যমে এ কর্মসূচি শুরু হয়।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে অবস্থান কর্মসূচি পালন করেন।
পরে মহানগর ১১ দলের একটি প্রতিনিধি দল জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন। চট্টগ্রাম জেলা প্রশাসনের পক্ষে স্মারকলিপিটি গ্রহণ করেন সিনিয়র সহকারী কমিশনার (ভূমি অধিগ্রহণ শাখা) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: আনিছুর রহমান খান।
স্মারকলিপিতে দেশের বিরাজমান গ্যাস ও বিদ্যুৎ সংকট দ্রুত নিরসন, লোডশেডিং বন্ধ করা, বিদ্যুতের বর্ধিত মূল্য প্রত্যাহার ও ভুতুড়ে বিল আদায় বন্ধ করা, চাল-ডাল-তেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম সর্বসাধারণের নাগালের মধ্যে আনার দাবি জানানো হয়। একইসাথে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের দ্রুত গেজেট প্রকাশের জোর দাবি করা হয়।
এর আগে, নগর জামায়াতের সহকারী সেক্রেটারি মুহাম্মদ উল্লাহর পরিচালনায় জেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন মহানগর জামায়াতের আমির মুহাম্মদ নজরুল ইসলাম।
সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিস মহানগর সভাপতি মাওলানা এমদাদ উল্লাহ সোহাইল, নগর জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মহানগর আহ্বায়ক মীর মো: শোয়াইব, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) মহানগর সভাপতি আবু মোজাফফর মোহাম্মদ আনাস, লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) মহানগর সভাপতি সৈয়দ গিয়াসউদ্দিন আলম, দক্ষিণ জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা বদরুল হক, লেবার পার্টির মহানগর সহ-সভাপতি মুজিবুর রহমান, নগর জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা খাইরুল বাশার, উত্তর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক ফজলুল করিম, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি মহানগর সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শেখ জোবায়ের মাহমুদ, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির কেন্দ্রীয় যুব সচিব অধ্যাপক নজরুল ইসলাম চৌধুরী, কেন্দ্রীয় আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট নেজাম উদ্দিন, মহানগর সেক্রেটারি আনোয়ার হোসাইন রব্বানি, নগর জামায়াতের কর্মপরিষদ সদস্য ও কোতোয়ালী থানা আমির আমির হোসাইন।
পরে জেলা প্রশাসকের কার্যালয় সামনে অবস্থান কর্মসূচিতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নগর জামায়াতের কর্মপরিষদ সদস্য ফখরে জাহান সিরাজী সবুজ, অ্যাডভোকেট আরিফুর রহমান, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সহকারী সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফজলুল বারী, অ্যাডভোকেট আবুল মোজাফফর, অ্যাডভোকেট ফরিদুল আলম, অ্যাডভোকেট মো: শওকত হোসেন চৌধুরী (এরশাদ), অ্যাডভোকেট মোস্তাক আহমদ, অ্যাডভোকেট আশরাফুর রহমান ও অ্যাডভোকেট মো: শাহেদ হোসেন।



