বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করেছে নির্বাচন কমিশন। ঘোষিত তফসিল অনুযায়ী রোববার (১৫ মার্চ) সকাল ১১টায় রিটার্নিং কর্মকর্তা ও সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মো. ফজলুল করিম তার কার্যালয়ে তিন প্রার্থীর হাতে প্রতীকসংবলিত চিঠি তুলে দেন।
বরাদ্দ অনুযায়ী বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি মো. রেজাউল করিম বাদশা পেয়েছেন ধানের শীষ প্রতীক। জামায়াতের প্রার্থী ও শহর আমির মো. আবিদুর রহমান পেয়েছেন দাঁড়িপাল্লা প্রতীক এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি) মনোনীত প্রার্থী মো. আল আমীন তালুকদার পেয়েছেন ফুলকপি প্রতীক।
প্রতীক গ্রহণের পর বিএনপি প্রার্থী রেজাউল করিম বাদশা সাংবাদিকদের বলেন, “বগুড়ায় দীর্ঘ ১৭ বছর তেমন কোনো উন্নয়ন হয়নি। তাই ধানের শীষে ভোট দিয়ে উন্নয়নের ধারা এগিয়ে নিতে হবে।” এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন শহর বিএনপির সভাপতি হামিদুল হক চৌধুরী হিরু, সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল এবং জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নাজমা আক্তার।
অন্যদিকে প্রতীক পাওয়ার পর জামায়াত প্রার্থী আবিদুর রহমান বলেন, “নির্বাচন সুষ্ঠু হলে দাঁড়িপাল্লার বিজয় নিশ্চিত হবে বলে আশা করছি।” এ সময় তার সঙ্গে ছিলেন শহর জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আ স ম আব্দুল মালেক, জেলা নায়েবে আমির অধ্যাপক আব্দুল হাকিম সরকার, সেলিম রেজা ও নামিরুল হক জর্জিসসহ অন্য নেতারা।
প্রতীক বরাদ্দ শেষে রিটার্নিং কর্মকর্তা ও সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মো. ফজলুল করিম বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের জন্য সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে। তিনি ভোটারদের উৎসবমুখর পরিবেশে কেন্দ্রে এসে ভোট দেয়ার আহ্বান জানান।
উল্লেখ্য, সদ্য সমাপ্ত জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বগুড়া-৬ আসনে বিজয়ী হয়ে আসনটি ছেড়ে দিলে নির্বাচন কমিশন এটিকে শূন্য ঘোষণা করে উপনির্বাচনের তফসিল ঘোষণা করে। তফসিল অনুযায়ী আগামী ৯ এপ্রিল সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত এ আসনের ১৫০টি কেন্দ্রে মোট ৪ লাখ ৫৪ হাজার ৪৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।


