অবৈধ ভারতীয় মাদক ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার

মাদক মামলায় রাবি ছাত্রদল নেতা কারাগারে

মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কবির জানান, ‘হাসিবুলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। তাকে রোববার সকালে আদালতে পাঠানো হয় এবং বিকেলে আদালতের আদেশে কারাগারে পাঠানো হয়েছে।’

রাবি প্রতিনিধি

Location :

Rajshahi
গ্রেফতার হওয়া রাবি ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হাসিবুল হাসান
গ্রেফতার হওয়া রাবি ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হাসিবুল হাসান |নয়া দিগন্ত

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হাসিবুল হাসানকে (২৯) সাত পিস অবৈধ ভারতীয় মাদক ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার করেছে মতিহার থানা পুলিশ। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে উপস্থাপনের পর বিচারক শুনানী শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।

রোববার (১৬ আগস্ট) সকালে তাকে আদালতে পাঠানো হয় এবং বিকেলে আদালত তাকে কারাগারে পাঠান।

এর আগে, শনিবার সন্ধ্যায় মতিহার থানা পুলিশ তাকে মাদকসহ গ্রেফতার করে। তার কাছ থেকে মাদকদ্রব্য ছাড়াও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

গ্রেফতার হাসিবুল রাজশাহী জেলার চন্দ্রিমা থানার মেহেরচন্ডী এলাকার বাসিন্দা মো: রফিকুল ইসলামের ছেলে।

এজাহার সূত্রে জানা যায়, আটক হাসিবুল হাসানের কাছ থেকে পিস পিস করে কাটা অবস্থায় সাতটি ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। ট্যাবলেটগুলোর মোট ওজন ২ দশমিক ৮০ গ্রাম। এ সময় তার কাছ থেকে একটি লাল-কালো রঙের ১৫০ সিসি পালসার মোটরসাইকেলও জব্দ করা হয়।

তথ্য অনুসন্ধানে জানা যায়, হাসিবুলের বিরুদ্ধে আগেও বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। ছাত্রলীগ নেতাদের কাছ থেকে টাকা নেয়ার অভিযোগে তাকে একবার ছাত্রদল থেকে বহিষ্কার করা হয়েছিল বলে জানা যায়। এছাড়া নিজের মালিকানা দাবি করে অন্যের ফুডকার্ট দখলের চেষ্টা এবং বহিরাগতদের নিয়ে রাবির এক শিক্ষার্থীকে ছুরিকাঘাতের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কবির জানান, ‘হাসিবুলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। তাকে রোববার সকালে আদালতে পাঠানো হয় এবং বিকেলে আদালতের আদেশে কারাগারে পাঠানো হয়েছে।’