ফেনী-৩ (সোনাগাজী-দাগনভূঞা) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ডা: ফখরুদ্দীন মানিক বলেছেন, ‘আমরা জীবন দিয়ে ভোটের অধিকার ফিরিয়ে এনেছি, প্রয়োজনে আবার জীবন দিয়ে ভোটের অধিকার রক্ষা করব। কাউকে আমাদের ভোটের অধিকার নিয়ে ছিনিমিনি খেলতে দেয়া হবে না। পেশিশক্তির মাধ্যমে কেউ যদি ভোটকেন্দ্রে হস্তক্ষেপ করতে চায়, তার সমুচিত জবাব দিতে হবে।’
শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে সোনাগাজী ছাবের মডেল পাইলট হাই স্কুল মাঠে জামায়াতে ইসলামীর নেতৃত্বে ১১ দলীয় জোটের আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ডা: ফখরুদ্দিন মানিক বলেন, ‘বেকার যুবকদের কর্মসংস্থান করে বেকারত্ব দূরীকরণে এবং আত্মসম্মানের সাথে বেঁচে থাকার জন্য দাঁড়িপাল্লায় ভোট দিয়ে দাঁড়িপাল্লার হাতকে শক্তিশালী করুন। সমাজের সব প্রকার অন্যায়, অত্যাচার ও জুলুম চিরতরে নির্মূল করার জন্য আপনারা দাঁড়িপাল্লাকে ভোট দিন। আমি কথা দিচ্ছি, সোনাগাজীর উন্নয়নে ও শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনতে, আপনাদের সম্মানের জায়গা ফিরিয়ে দিতে, সদা-সর্বদা আমি অতীতের ন্যায় পাশে থাকব।’
তিনি আরো বলেন, ‘আমরা ১৪শ শহীদের তাজা রক্তের বিনিময়ে যে ভোটাধিকার ফিরিয়ে এনেছি। তার যথাযথ প্রয়োগ করে, সেই অধিকারকে সমুন্নত করতে হবে। আর যেন আমাদের কোনো ভাইকে জীবন দিতে না হয়। কোনো স্বৈরাচারের যেন আর মাথা চাড়া দিতে না পারে, সেই দিকে সবাইকে সজাগ থাকতে হবে।’
সোনাগাজী পৌর জামায়াতে ইসলামীর আমির মাওলানা কালিমুল্লাহর সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন ফেনী জেলা জামায়াতের আমির মুফতি মাওলানা আব্দুল হান্নান, নায়েবে আমির অধ্যাপক আবু ইউসুফ, সেক্রেটারি মাওলানা আব্দুর রহিম, সাবেক ফেনী জেলা আমির ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের জিএস এস এম ফরহাদ, সোনাগাজী উপজেলা জামায়াতের আমির মাওলানা মো: মোস্তফা সেক্রেটারি এস এম বদরুদ্দোজা, জেলা জামায়াতে নেতা আবু বক্কর সিদ্দিক মানিক, ফেনী জেলা কর্মপরিষদ সদস্য ইঞ্জিনিয়ার ফখরুদ্দিন, উপজেলা জামায়াতের সাবেক আমির মাওলানা শামসুদ্দিন, ছাত্রশিবির সভাপতি নোবেল, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উপজেলা প্রধান সমন্বয়ক আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।
এর আগে, উপজেলার নয়টি ইউনিয়ন ও একটি পৌরসভা থেকে হাজার হাজার নেতাকর্মীসহ সাধারণ জনতা দাঁড়িপাল্লার মিছিল নিয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সমাবেশে উপস্থিত হন।



