পরিচ্ছন্ন ও সুস্থ নগরজীবনের প্রত্যয়ে কুড়িগ্রামের উলিপুরে শুরু হলো মাসব্যাপী ‘পরিচ্ছন্ন উলিপুর’ কর্মসূচি। নাগরিক সচেতনতা ও পরিবেশ সুরক্ষাকে সামনে রেখে মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকালে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন ১১ দলীয় জোটের জামায়াত থেকে নির্বাচিত কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী।
এদিন সকালে পৌর শহরের কেন্দ্রস্থল মসজিদুল হুদা প্রাঙ্গণ থেকে অভিযানের সূচনা হয়। এরপর শহরের প্রধান সড়ক, বিভিন্ন উপপথ ও আবাসিক এলাকা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর, থানার মোড়, গুনাইগাছ মোড়সহ গুরুত্বপূর্ণ জনসমাগমস্থলে একযোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হয়। কর্মীদের ঝাড়ু, ময়লা অপসারণ ও বর্জ্য সংগ্রহের দৃশ্য শহরজুড়ে সৃষ্টি করে এক ভিন্নমাত্রার ইতিবাচক আবহ। ব্যতিক্রমী কাজের দৃশ্য দেখতে রাস্তায় ভীড় কমান উৎসুক জনতা।
উদ্বোধনী পর্বে সংসদ সদস্য সালেহী নিজ হাতে ঝাড়ু তুলে নিয়ে পরিচ্ছন্নতাকর্মীদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজে অংশ নেন।
এ সময় তিনি বলেন, ‘আমাদের কেন্দ্রীয় আমির ডা: শফিকুর রহমান তার নিজ আসনে ঝাড়ু দেয়ার মধ্য দিয়ে এ কর্মসূচির সূচনা করেন। এরই ধারাবাহিকতায় আজকে আমাদের এ ক্ষুদ্র প্রয়াস।’
তিনি আরো বলেন, ‘একটি আধুনিক ও বাসযোগ্য শহর গড়ে তুলতে শুধু প্রশাসনিক উদ্যোগ নয়, নাগরিকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণও জরুরি। পরিচ্ছন্নতা কোনো একদিনের কর্মসূচি নয়; এটি হতে হবে দৈনন্দিন চর্চা।’
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বাংলাদেশ জামায়াতে ইসলামীর কুড়িগ্রাম জেলা অর্থ সম্পাদক জহুরুল হক, উপজেলা ভারপ্রাপ্ত আমির অ্যাডভোকেট কামাল কবির লিটন, উপজেলা সেক্রেটারি তৌহিদুল ইসলাম, পৌর সেক্রেটারি মাহফুজুর রহমানসহ দলীয় নেতৃবৃন্দ। এমপি মহোদয়ের এরকম উদ্যোগে উৎসাহিত হয়ে অনেকেই স্বেচ্ছায় ঝাড়ু হাতে নিয়ে পরিষ্কার কর্মসূচিতে অংশগ্রহণ করেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও সচেতন নাগরিকরা।
মাসব্যাপী এই কর্মসূচির মাধ্যমে উলিপুরকে আরো পরিচ্ছন্ন, স্বাস্থ্যসম্মত ও দৃষ্টিনন্দন নগরীতে রূপান্তরের প্রত্যাশা ব্যক্ত করেছেন আয়োজকরা।
সমালোচকরা অবশ্য এই উদ্যোগকে লোক দেখানো হিসেবে অভিহিত করলেও সাধারণ মানুষ বলছেন, বাংলাদেশের ইতিহাসে কোনো দলের এমপি কোনোদিনই ঝাড়ু দেয়া তো দূরের কথা- একটা কাগজও রাস্তা থেকে সরিয়ে দেন নাই।
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা এই কর্মসূচিকে ইতিবাচক হিসেবে দেখছেন এবং তারা ভাবছেন এরকম কর্মযজ্ঞের মধ্যে দিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী মানুষের মন জয় করতে পারবে।



