জমির সীমানা নিয়ে বিরোধ

বামনায় বৃদ্ধাকে পিটিয়ে ও বুকে পা চাপা দিয়ে হত্যার অভিযোগ

নিহতের মেয়ে ডালিমা আক্তার বলেন, ‘পূর্বপরিকল্পিতভাবে আসামিরা আমার মাকে পিটিয়ে ও বুকের ওপর পা চাপা দিয়ে হত্যা করেছে। আমরা এ হত্যাকাণ্ডের বিচার চাই।’

বামনা (বরগুনা) সংবাদদাতা

Location :

Barguna
হত্যার ঘটনায় বামনা থানায় মামলা দায়ের করা হয়েছে
হত্যার ঘটনায় বামনা থানায় মামলা দায়ের করা হয়েছে |নয়া দিগন্ত

বরগুনার বামনায় জমি-সংক্রান্ত বিরোধে মনোয়ারা বেগম (৬০) নামে এক বৃদ্ধাকে পিটিয়ে ও বুকের ওপর পা চাপা দিয়ে হত্যার অভিযোগ ওঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।

শনিবার (১৫ আগস্ট) সকালে নিহতের মেয়ে বামনা থানায় একটি হত্যা মামলা করেছেন। এর আগে গতকাল শুক্রবার দুপুরে বামনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় বৃদ্ধার মৃত্যু হয়।

মামলার এজাহার ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, উপজেলার মধ্য আমতলী গ্রামের বাসিন্দা মনোয়ারা বেগমের পরিবারের সাথে প্রতিবেশী মো: হানিফ খাঁর বসতবাড়ির সীমানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ নিয়ে একাধিকবার সালিশ-বৈঠক হলেও বিরোধের নিষ্পত্তি হয়নি।

শুক্রবার সকালে হানিফ খাঁ, তার স্ত্রী কোহিনুর বেগম, শ্যালক আলামিনসহ কয়েকজন বিরোধপূর্ণ জমিতে সীমানা প্রাচীর নির্মাণ শুরু করেন।

এ সময় মনোয়ারা বেগম বাধা দিলে তাকে কাঠের চেরা ও লোহার রড দিয়ে মারধর করা হয়। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়লে অভিযুক্তরা তার বুকের ওপর পা চেপে ধরে নির্যাতন করেন।

দুপুরের দিকে স্থানীয়রা গুরুতর আহত মনোয়ারা বেগমকে উদ্ধার করে বামনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের মেয়ে ডালিমা আক্তার বলেন, ‘পূর্বপরিকল্পিতভাবে আসামিরা আমার মাকে পিটিয়ে ও বুকের ওপর পা চাপা দিয়ে হত্যা করেছে। আমরা এ হত্যাকাণ্ডের বিচার চাই।’

বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: ফারুক হোসেন খান জানান, খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে মর্গে পাঠিয়েছে। নিহতের মেয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। জড়িতদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।