ফেনীর দাগনভুঞায় মফিজুর রহমান নামে এক জন্মপ্রতিবন্ধী যুবকের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। উচ্চশিক্ষা সম্পন্ন করেও চাকরি না পেয়ে জীবনসংগ্রামে লড়ে যাওয়া ওই যুবককে স্বাবলম্বী করতে এই আর্থিক সহযোগিতা প্রদান করা হয়।
রোববার (৩১ মে) সকালে ইসলামি ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও ঢাকা মহানগর উত্তর জামায়াতের সহকারী সেক্রেটারি ডা. ফখরুদ্দিন মানিক উত্তর আলিপুর গ্রামের তিনটেকে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে মফিজুরের হাতে দোকানের পুঁজি হিসেবে এই অনুদান তুলে দেন।
মফিজুর রহমান দাগনভুঞা উপজেলার উত্তর আলিপুর গ্রামের দারবক্স ভুঞা বাড়ির বাসিন্দা বলে জানা গেছে।
স্থানীয় সুত্রে জানা গেছে, মফিজুর রহমান জন্মগতভাবে শারীরিক প্রতিবন্ধকতা নিয়েও স্থানীয় মাদরসা থেকে ফাজিল (স্নাতক সমমান) পাস করেন। শিক্ষা জীবন শেষ করে দীর্ঘ দিন একটি চাকরির জন্য চেষ্টা করেও ব্যর্থ হন তিনি। পরে পরিবার পরিজন নিয়ে বেঁচে থাকার তাগিদে এবং নিজে স্বাবলম্বী হতে তিনটেক নামক স্থানে একটি দোকান দেয়ার সিদ্ধান্ত নেন। তার এই সংগ্রামী উদ্যোগকে সফল করতে এগিয়ে আসে জামায়াতে ইসলামী। রোববার সকালে উত্তর আলিপুর গ্রামের তিনটেকে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে মফিজুরের হাতে দোকানের পুঁজি হিসেবে এই আর্থিক অনুদান তুলে দেয়া হয়। যুবকের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে এবং তার পাশে দাঁড়াতে অনুষ্ঠানে এগিয়ে আসেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি ডা. ফখরুদ্দিন মানিক।
আর্থিক সহায়তা প্রদানকালে ডা. ফখরুদ্দিন মানিক বলেন, ‘প্রতিবন্ধকতা কোনো অভিশাপ নয়। মফিজুর রহমান ফাজিল পাস করে সমাজের আর ১০টা মানুষের মতো ভিক্ষাবৃত্তি বা অন্যের ওপর নির্ভরশীল না হয়ে নিজে কিছু করার যে উদ্যোগ নিয়েছেন, তা সত্যিই প্রশংসনীয়। জামায়াতে ইসলামী সবসময় দেশ ও জনগণের কল্যাণে এবং বিশেষ করে তরুণদের স্বাবলম্বী করতে কাজ করে যাচ্ছে। মফিজুরের মতো সংগ্রামী যুবকদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব।’
এ সময় মাতুভুঞা ইউনিয়ন জামায়াতের আমির নুরুল আমিনসহ স্থানীয় জামায়াত ও শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।



