কিশোরগঞ্জে হাওরে ধান কেটে বাড়ি ফেরার পথে নৌকাডুবি, কৃষিশ্রমিক নিখোঁজ

কিশোরগঞ্জের অষ্টগ্রামে হাওর থেকে ধান কেটে বাড়ি ফেরার পথে নৌকাডুবির ঘটনায় এক যুবক নিখোঁজ হয়েছেন।

কিশোরগঞ্জ প্রতিনিধি

Location :

Kishoreganj
হাওর থেকে ধান কেটে বাড়ি ফেরার পথে নৌকাডুবি, কৃষিশ্রমিক নিখোঁজ
হাওর থেকে ধান কেটে বাড়ি ফেরার পথে নৌকাডুবি, কৃষিশ্রমিক নিখোঁজ |নয়া দিগন্ত

কিশোরগঞ্জের অষ্টগ্রামে হাওর থেকে ধান কেটে বাড়ি ফেরার পথে নৌকাডুবির ঘটনায় এক যুবক নিখোঁজ হয়েছেন।

বুধবার (১৩ মে) বিকেল আনুমানিক ৩টার দিকে উপজেলার আদমপুর ইউনিয়নের কালনী নদীতে এ ঘটনা ঘটে।

নিখোঁজ ঈমান মিয়া (২৬) নূরপুর গ্রামের আবুল হোসেনের ছেলে। তিনি কৃষিশ্রমিকের কাজ করতেন।

স্থানীয় শিক্ষক মো: সারোয়ার হোসেন জানান, বুধবার বিকেলে ঈমান মিয়াসহ কয়েকজন শ্রমিক হাওর থেকে ধান কেটে নদীপথে নৌকাযোগে বাড়ি ফিরছিলেন। হঠাৎ ঝড় শুরু হলে নৌকায় পানি উঠতে থাকে। একপর্যায়ে নৌকার পানি সেচার কাজে ব্যবহৃত সেঁউতি পানিতে পড়ে গেলে সেটি ধরতে যান ঈমান মিয়া। এ সময় নদীর পানিতে পড়ে গিয়ে তিনি নিখোঁজ হন।

অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রোকনুজ্জামান জানান, স্থানীয়দের মাধ্যমে তারা নৌকাডুবির ঘটনাটি জানতে পেরেছেন।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হঠাৎ ঝড়ের কবলে পড়ে ওই শ্রমিক পানিতে পড়ে নিখোঁজ হয়েছেন। বৈরি আবহাওয়ার কারণে তাৎক্ষণিকভাবে উদ্ধার অভিযান পরিচালনা করা সম্ভব হয়নি বলে তিনি জানান।