লোহাগড়ায় দু’পক্ষের সংঘর্ষে নারীসহ আহত ১৫

বাঁকা গ্রামের ইউপি সদস্য জিরু কাজী সমর্থিত লোকজনদের সাথে একই গ্রামের আক্তার হোসেন সমর্থিত লোকজনদের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার ও পূর্বশত্রুতার জের ধরে বিরোধ চলে আসছিল।

Location :

Narail
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স |নয়া দিগন্ত

লোহাগড়া (নড়াইল) সংবাদদাতা
নড়াইলের লোহাগড়া উপজেলার বাঁকা গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে নারী ও ইউপি সদস্যসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন।

শনিবার (৭ মার্চ) সকাল ৯টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদেরকে লোহাগড়া, নড়াইলসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এর আগে শুক্রবার দুপুরে একটি মোটর চুরির ঘটনা নিয়ে বিরোধের সৃষ্টি হয়। এর জের ধরে শনিবার সকালে দু’পক্ষ দেশীয় অস্ত্র ঢাল, সড়কি, রামদা, ইটপাটকেল, লাঠিসোটা নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়।

পুলিশ ও আহতদের স্বজনরা জানান, বাঁকা গ্রামের ইউপি সদস্য জিরু কাজী সমর্থিত লোকজনদের সাথে একই গ্রামের আক্তার হোসেন সমর্থিত লোকজনদের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার ও পূর্বশত্রুতার জের ধরে বিরোধ চলে আসছিল।

সংঘর্ষে উভয়পক্ষের আহতরা হলেন ইউপি সদস্য জিরু গাজী (৫০), লিটন (৪৫), হিমায়েত (৫১), ফিরোজ মোল্যা (৪৫), মুসা (২৪), শরিফুল (৩৪), হাসান মোল্যা (৫৩), প্রিন্স (২৫), কাদের (২৫), আক্তার মোল্যা (৬০), মিরাজ মোল্যা (৪৭), তবিবর মৃধা (৪৫), লুৎফর নাহার (২৮), রেখা বেগম (৩৩) ও সেলিম বিশ্বাস (৪৪)।

আহতদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে নড়াইল সদর হাসপাতাল ও খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহমান জানান, এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণ ও ঘটনার সাথে জড়িতদের আটকের চেষ্টা চলছে।