গাইবান্ধার সাদুল্লাপুরে একটি পুকুরের পানিতে ডুবে শিরিনা বেগম (২৬) নামে এক মানসিক ভারসাম্যহীন নারীর মৃত্যু হয়েছে।
বুধবার (২৭ মে) সকালের দিকে উপজেলার ধাপেরহাট ইউনিয়নের ছোট ছত্রগাছা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শিরিনা ওই ইউনিয়নের সাদিপাড়া গ্রামের আনিছার রহমানের মেয়ে। তিনি স্বামী পরিত্যাক্তা ছিলেন।
স্বজনরা জানায়, শিরিনা একজন মানসিক ভারসাম্যহীন ছিলেন। তিনি বিভিন্ন সময়ে এদিক-সেদিক ছুটে চলতেন। এরই একপর্যায়ে তার নানা মরহুম আব্দুর রহমানের বাড়িতে বেড়াতে যান। সেখানে ছোলাইমান মণ্ডলের পুকুরের পানিতে ডুবে তার মৃত্যু হয়।
ধাপেরহাট ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য ইউনুস আলী বলেন, ‘ওই স্থানে শিরিনা নামের এক নারীর পানিতে ডুবে মৃত্যু হয়েছে। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন।’
এ বিষয়ে সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম হাবিবুর রহমান বলেন, ‘ছোট ছত্রগাছা গ্রামে পানিতে ডুবে এক নারীর মৃত্যু হয়েছে।’



